রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে এক দফা দাবিতে কালো পতাকা মিছিল ও মানববন্ধন করেছে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ। মঙ্গলবার রাজধানীর নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এই মিছিল ও মানববন্ধন করেন নার্সরা।
নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্টার পদ থেকে নন-নার্স প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের অপসারণ করে এসব পদে উচ্চশিক্ষিত, দক্ষ ও অভিজ্ঞ নার্সদের নিয়োগের দাবিতে এই আন্দোলন করছে পরিষদ। একই দাবিতে আগামীকাল অবস্থান কর্মসূচি আহ্বান করেছে সংগঠনটি।
সমাবেশে বক্তারা তাদের এক দফা দাবি পূরণের জন্য কঠোর হুঁশিয়ারি দেন। আন্দোলনকারী নার্সরা জানান, আগে এই দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হলেও ১২ সেপ্টেম্বর পুনরায় একজন নন-নার্স প্রশাসনিক কর্মকর্তাকে রেজিস্ট্রার পদে পদায়ন করা হয়েছে, যা নার্সদের ক্ষোভ আরও বাড়িয়ে দিয়েছে।
নার্সরা জানান, এই আন্দোলন দীর্ঘায়িত হলে দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থা বিপর্যয়ের মুখে পড়তে পারে। কারণ নার্সদের অভাবে রোগীদের চিকিৎসা সেবা ব্যাহত হবে।
কেন্দ্রীয় কর্মসূচির সাথে সংহতি প্রকাশ করে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল চত্ত্বরে পতাকা মিছিল শেষে বক্তব্য রাখেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের রুনা আক্তার, সোনিয়া দাস, সাইক নার্সিং কলেজের শিক্ষার্থী মাহফুজার রহমান এবং পটুয়াখালীর জহির-মেহেরুন কলেজের শিক্ষার্থী ডলি আক্তার।
এর আগে গত ৮ সেপ্টেম্বর নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূর নার্সদের পদমর্যাদা নিয়ে কথা বলেন। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে উৎখাত হওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণার ভিত্তিতে নার্সদের ২য় শ্রেণির পদমর্যাদা দেওয়ার সিদ্ধান্ত ভুল ছিল বলে মন্তব্য করেন তিনি। তার এই বক্তব্যের পর ৯ সেপ্টেম্বর থেকেই আন্দোলনে নামেন ক্ষুব্ধ নার্সরা।
এরই মধ্যে গত ১২ সেপ্টেম্বর একজন নন-নার্স প্রশাসনিক কর্মকর্তাকে নার্সিং অধিদপ্তরের রেজিস্ট্রার পদে নিয়োগ দেওয়া হয়। পরে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ গঠন করে ১৪ সেপ্টেম্বর সারাদেশে মানববন্ধন করেন নার্সরা।
নার্সরা জানান, দীর্ঘদিন ধরে তারা প্রশাসনিক বৈষম্যের শিকার হয়ে আসছেন। তাদের পেশাগত দক্ষতা এবং অভিজ্ঞতার সঠিক মূল্যায়ন করা হয়নি। বরং প্রশাসনিক পদে নার্সদের বাদ দিয়ে অন্যান্য কর্মকর্তা নিয়োগ দেওয়ায় নার্সদের পেশাগত উন্নয়ন বাধাগ্রস্ত হয়েছে।
নার্সরা আরও জানান, নার্সিং অধিদপ্তরের মহাপরিচালক এবং পরিচালক পদগুলো নার্সদের জন্য। কিন্তু এই জায়গাগুলো আমলারা, প্রশাসন ক্যাডারের লোকজন দখল করে রেখেছেন। নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রার পদটিও তাদের দখলে। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং নার্সিং কাউন্সিল থেকে প্রশাসনিক ক্যাডারদের অপসারণ করে নার্সদের পদায়ন করতে হবে।