এমবাপ্পের মতো ‘ভালো’ হতে চান জার্মান তরুণ ফরিদ

হ্যামবুর্গের একাডেমি থেকে ২০২২ সালের গ্রীষ্মে ম্যানচেস্টার সিটির একাডেমিতে আসেন ১৮ বছর বয়সের ফরিদ আলফা-রুপ্রেখ্ট। এ বছর অনূর্ধ্ব-১৮ থেকে সিটিজেনদের এলিট ডেভেলপমেন্ট স্কোয়াডে (এডিএস) পাঠানো হয় তাকে। ম্যানসিটি একাডেমির হয়ে সবশেষ ম্যাচে জোড়া গোল করার পর অপেক্ষা করছেন উয়েফা ই্য়ুথ চ্যাম্পিয়নস লিগের পরের ম্যাচে ইন্তার মিলানের মুখোমুখি হওয়ার। এই জার্মান তরুণ স্বপ্ন দেখছেন কিলিয়ান এমবাপ্পের মতো ভালো একজন ফুটবল হওয়ার।

বিবিসি রেডিও ম্যানচেস্টারের সঙ্গে আলাপকালে ফরিদ জানিয়েছেন, একদিন সিনিয়র চ্যাম্পিয়নস লিগে জাহির করতে চান নিজের নাম। বলেছেন ‘প্রথমে ফরিদ’ হতে চান। সেই সঙ্গে সিটির বেলজিয়ান উইঙ্গার জেরেমি ডকুর সঙ্গে তাকে যে তুলনা করা হয় সেটা লুকোননি। বলেন, ‘একজন ডিফেন্ডারের মনে এই ভাবনা তৈরি করা যে “আমি এরপর কী করতে যাচ্ছি ও পরে তাকে পরাস্ত করতে পারা” অবশ্যই ভালো লাগা তৈরি করে।’

ফরিদ যোগ করেন, ‘যখন কোনো কিছু আপনার পক্ষে থাকে না তখন বার বার চেষ্টা করে যাওয়াটা নির্ভর করে আপনার মানসিকতার ওপর। একটা সময় আপনি ঠিকই সুযোগ পাবেন। হয় গোল করবেন, নয়তো গোল বানিয়ে দেবেন।’ নিজের ভবিষ্যত নিয়ে বলেন, ‘আমি অনেক উন্নতি করেছি। আমার লক্ষ্য নিজেকে আরও উন্নত করে এমন পর্যায়ে নিয়ে যাওয়া যাতে সিটির মূল দলে জায়গা করে নিতে পারি।’

জার্মানী অনূর্ধ্ব-১৮ দলের হয়ে তার আছে ৪টি গোল ও ১টি অ্যাসিস্ট। ম্যানচেস্টার সিটির অনূর্ধ্ব-১৮ দলে করেছেন ৮ গোল ও ১০ অ্যাসিস্ট। অনূর্ধ্ব-২১ দলে তার পা থেকে এসেছে ১১ ম্যাচে ৩ গোল। উয়েফা ইয়ুথ লিগেও ৪ ম্যাচে ১টি গোলের দেখা পেয়েছেন ফরিদ।