চেন্নাইয়ে পৌঁছে দুদিন অনুশীলনের পর আজ সংবাদ সম্মেলনে এসেছিলেন বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। অধিনায়ক নাজমুল হাসান শান্ত যেমন এ সিরিজটিকে চ্যালেঞ্জ হিসেবে আখ্যা দিয়েছিলেন। হাথুরু সেই পথে আরেকধাপ এগিয়ে গেলেন। বলেছেন, ‘বিশ্বের সেরা দলটির বিপক্ষে খেলা সবসময়ই আপনার জন্য অনুপ্রেরণাদায়ী। ’
হাথুরু যোগ করেন, ‘ভারতে এসে তাদের বিপক্ষে খেলাটাই এই মুহূর্তে যেকোনো দলের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেরা দলের বিপক্ষে খেলতে নামলেই কেবলমাত্র আপিন বুঝতে পারবেন নিজের অবস্থানটি কোথায়। একজন স্পোর্টসম্যান হিসেবে আমরা সবসময় সেদিকেই তাকিয়ে থাকি।’ আগামী বৃহস্পতিবার থেকে চেন্নাইয়ের এম চিদাম্বরাম স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টটি শুরু হবে।
পাকিস্তানের ঐতিহাসিক জয় নিয়ে প্রশ্নের উত্তরে কোচ বলেন, ‘এটা আমাদের নিঃসন্দেহে অনেক আত্মবিশ্বাস জুগিয়েছে। ফলাফল পাশে রেখে যদি বিবেচনা করা হয়, আমরা যেভাবে পরিস্থিতি অনুযায়ী পারফর্ম করেছি এবং যারা এর প্রতিটি মুহূর্তে অবদান রেখেছে- সেগুলো এই সিরিজের আগে আমাদের বিশ্বাস যোগাবে।’
কোচ বলেন, ‘ভারতের বিপক্ষে খেলার চাপ আমাদের কাছে বিশেষ সম্মানের মতো। আমরা বুঝতে পারি আমাদের অবস্থান কোথায়, সেই সঙ্গে শক্তি ও দুর্বলতা কোথায়।’ এই সফরের বাংলাদেশ দল সম্পর্কে হাথুরুর মতামত, ‘এটাই সম্ভবত বাংলাদেশের সবচেয়ে গোছানো টিম। আমরা সবগুলো জায়গা কাভার করতে পেরেছি এবং আমাদের অনেক পেসার রয়েছেন। সেই সঙ্গে রয়েছে অভিজ্ঞ স্পিন আক্রমণ এবং আমাদের ব্যাটিং লাইনআপও অনেক গভীর।’
সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজকে নিয়ে প্রশ্ন করা হয়েছিল হাথুরুসিংহেকে। সাকিবকে নিয়ে কথা বলতে গিয়ে হাথুরুর কণ্ঠে উচ্ছ্বাস ঝরে পড়েছে। এত দিন ধরে সাকিবকে দেখে মুগ্ধ হওয়ার কথা বলেছেন হাথুরু। আজ মিরাজকে তিনি অভিহিত করেছেন বাংলাদেশ দলের ‘ভবিষ্যতের সাকিব’ বলে। সাকিব আল হাসানকে নিয়ে কোচের ভাবনা, ‘বাংলাদেশের ক্রিকেটে ওর অনেক বড় ভূমিকা আছে। নিজের অলরাউন্ড যোগ্যতা দিয়ে একাদশের ভারসাম্য আনার মতো বিলাসিতার সুযোগ ও আমাদের করে দেয়। ’
হাথুরুর কাছে সাকিব শুধু পাকিস্তান সিরিজেই নয়, দলে থাকলে সব সময়ই তিনি অপরিহার্য এক খেলোয়াড়। সাকিবকে নিয়ে তিনি বলেছেন, ‘যখনই সে দলে থাকে, বাংলাদেশের ক্রিকেটের জন্য বড় ভূমিকা রাখে। যেভাবে আমরা দলে ভারসাম্য আনতে চাই, সে থাকলে সেই কাজটা অবশ্যই সহজ হয়ে যায়। আমরা যে একজন বাড়তি বোলার বা একজন বাড়তি ব্যাটসম্যান খেলাতে চাই, সেটা তার অলরাউন্ড সামর্থ্যের জন্যই পারি। সে শুধু ওই সমন্বয়টাই সহজ করে না, নিজের বিশাল অভিজ্ঞতাটাও যোগ করে।’
তবে সাকিবের ক্যারিয়ারও সায়াহ্নে চলে এসেছে। একসময় তিনিও বিদায় বলবেন। তখন তাঁর এই ভূমিকাটা কে নেবেন? এই জায়গায় মেহেদী হাসান মিরাজের একটা বড় ভূমিকা দেখেন হাথুরু।
মিরাজকে নিয়ে হাথুরুর কথা, ‘আমার কাছে সে গত পাঁচ বা ছয় বছরে বাংলাদেশের সবচেয়ে উন্নতি করা ক্রিকেটার। সত্যিকার অর্থেই সে (ভবিষ্যতে) সাকিবের ভূমিকা নেওয়ার জন্য তৈরি। সে তার ব্যাটিং তো বটেই, নিশ্চিত করেই যেটা তার বড় শক্তির জায়গা, সেই বোলিংয়েরও উন্নতি ঘটিয়েছে। এখন সে নিজের ব্যাটিংয়ের উন্নতি ঘটিয়েছে। সে অসাধারণ এককজন ফিল্ডারও।’
বাংলাদেশকে মজা নিতে দিন, আমাদের লক্ষ্য জয়, বললেন রোহিত শর্মা
সর্বোচ্চ বেতন পাওয়া নারী ফুটবলার বার্সেলোনার বোনমাতি