মার্তিনেজদের খেলা দেখে যেতে পারলেন না গ্যারি শ

৪১ বছর পর ইউরোপ সেরা ক্লাব প্রতিযোগিতায় ফিরেছে অ্যাস্টন ভিলা। মঙ্গলবার রাতে ইয়ং বয়েজের সঙ্গে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ শুরু করছে তারা। এই ক্ষণটা দেখে যেতে পারলেন না অ্যাস্টন ভিলার কিংবদন্তী গ্যারি শ। অ্যাস্টন ভিলার একমাত্র ইউরোপিয়ান ট্রফি জয়ের নায়ক গ্যারি শ এর স্মৃতি মনে গেঁথে চ্যাম্পিয়নম লিগে মাঠে নামতে যাচ্ছে অ্যাস্টন ভিলা। ক্লাবের কিংবদন্তি জন্য হলেও, দীর্ঘ চার দশক পর ইউরোপ সেরার মঞ্চে ফেরাটা জয়ে রাঙাতে চান দলটির কোচ উনাই এমেরি।

১৯৮১-৮২ মৌসুমে অ্যাস্টন ভিলা তাদের একমাত্র ইউরোপিয়ান কাপ (বর্তমানের চ্যাম্পিয়ন্স লিগ) জয় করে। তার আগের মৌসুমে ইংল্যান্ডের শীর্ষ লিগের ট্রফিও জেতে তারা, এর আগে পরে আর কখনও এই স্বাদও পায়নি ক্লাবটি। ক্লাবটির ওই দুই সাফল্যেই বড় ভূমিকা ছিল সাবেক স্ট্রাইকার গ্যারি শয়ের।

সবাইকে অবাক করে দিয়ে গত মৌসুমে অসাধারণ ফুটবল উপহার দেয় ভিলা। মৌসুমের দ্বিতীয়ভাগে ধারাবাহিকতা ধরে রাখতে না পারলেও, শেষ পর্যন্ত লিগ টেবিলে চতুর্থ স্থানে থেকে আসর শেষ করে এমি মার্তিনেজরা। ৪১ বছর পর জায়গা করে নেয় ইউরোপ সেরা প্রতিযোগিতায়।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ক্লাব কিংবদন্তির প্রয়াণে শোক জানিয়ে, এই শোককেই খেলোয়াড়দের অনুপ্রেরণা হিসেবে নিতে বললেন এমেরি।
“(গ্যারি শয়ের) পরিবার ও ভিলার সমর্থকদের প্রতি আমার সমবেদনা। আমাদের অনুশীলন মাঠে ১৯৮২ এবং ইউরোপিয়ান কাপ জয়ের একটি ছবি আছে এবং সবসময় আমাদের মনে এই স্মৃতি থাকবে। আর ওই সাফল্যের নায়ক ছিলেন তিনি।”

“আমার কাছে এটা(তাকে হারানো) অনেক কষ্টের, তবে আমরা এই অনুভূতিকে প্রেরণা হিসেবে নিতে পারি।”