ম্যাচ সংখ্যা বাড়ানোর আগে ফুটবলারদের কথা কেউ ভাবে না : অ্যালিসন

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০৫ পিএম

ইউরোপিয়ান ক্লাব ফুটবল ভক্তদের অপেক্ষার পালা শেষ হচ্ছে আজ। নতুন ফরম্যাটে উয়েফা চ্যাম্পিয়নস লিগ শুরু হচ্ছে আজ থেকে। প্রথম দুই ম্যাচ মাঠে গড়াতে বাকি আর মাত্র কয়েক ঘণ্টা। রাত ১০টা ৪৫ মিনিটে শুরু হবে জুভেন্তাস-পিএসভি এবং ইয়ং বয়েজ-অ্যাস্টন ভিলা ম্যাচ।

রাত ১ টায় খেলা আছে এসি মিলান বনাম লিভারপুলের। একই সময়ে নিজ নিজ ম্যাচে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখও।

রিয়াল মাদ্রিদের পর চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে সফল দুটি ক্লাবের নাম এসি মিলান ও লিভারপুল। মিলান চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেছে দ্বিতীয় সর্বোচ্চ ৭বার। লিভারপুলের শিরোপা ৬টি। বায়ার্ন মিউনিখও জিতেছে ৬ বার।

এবার ফরম্যাট ভিন্ন হওয়ায় লিগ পর্বে প্রতি দলকে খেলতে হবে ৮টি করে ম্যাচ। অর্থাৎ গ্রুপ পর্বের আগের চেয়ে দুটি বেশি। পয়েন্ট টেবিলে ৯ থেকে ২৪ এর মধ্যে থাকলে শেষ ষোলো নিশ্চিতে খেলতে হবে আরও দুটি ম্যাচ (প্লে-অফ)।

ফলে বেড়েছে আগের চেয়ে ম্যাচ সংখ্যা। বাড়তি ম্যাচ সংখ্যা নিয়ে লিভারপুলের ব্রাজিলিয়ান গোলকিপার অ্যালিসন বেকার বলেন, 'সমর্থকদের জন্য বিষয়টি দারুণ। আরও বেশি ম্যাচ, বেশি বড় ম্যাচ, বড় দলগুলো একে অপরের বিপক্ষে খেলবে। খেলোয়াড়দের জন্যও ভালো। সেরা দলগুলোর বিপক্ষে খেলতে পারবে।'

অ্যালিসন আক্ষেপ করেই বলেছেন, খেলোয়াড়দের কেউ জিজ্ঞেস করে না যে তারা কি চায়। 'ক্যালেন্ডারে বাড়তি কিছু ম্যাচ যোগকরা ভালো চিন্তা। কিন্তু আমরা এখানে কাজ করি (খেলি), কেউ খেলোয়াড়দের জিজ্ঞেস করে না যে তারা কি ভাবছে বেশি ম্যাচ নিয়ে। হয়তো আমাদের মতামতের কোন দাম নেই।'

অ্যালিসনের মতে যারা সূচি তৈরী করে (লিগ, উয়েফা টুর্নামেন্ট) সবার একসঙ্গে বসা উচিত। ব্রাজিলিয়ান এই গোলকিপার আরও বলেন, 'যারা ক্যালেন্ডার তৈরী করে তাদের সকলের একসঙ্গে বসা উচিত এবং খেলোয়াড়সহ সকলের মতামত শোনা উচিত। আপনি শুধু একতরফা ম্যাচ এবং প্রতিযোগিতা বাড়িয়ে যেতে পারেন না। যদি খেলোয়াড়রা ক্লান্ত থাকে তারা ভালো পারফরম্যান্স করবে না। আমাদের এর একটি সমাধান দরকার।'

লিভারপুলের এই মৌসুমে মোট ৬৯ ম্যাচ খেলতে হতে পারে। ৩৮টি লিগে, ১৭টি চ্যাম্পিয়নস লিগে, ৭টি করে ইংলিশ ফুটবল লিগ কাপ এবং এফএ কাপে।   

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত