সড়ক জুড়ে বড় বড় গর্ত পানি জমে চলাচল ব্যাহত

রাজবাড়ী শহরের পাবলিক হেলথমোড় থেকে ২ নম্বর রেলগেট পর্যন্ত হাসপাতাল সড়কটিতে খানাখন্দ তৈরি হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। একটু বৃষ্টি হলেই গর্তগুলোতে জমছে পানি। এতে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। সবচেয়ে বেশি ভোগান্তি হচ্ছে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের।

জানা যায়, রাজবাড়ী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সজ্জনকান্দার পাবলিক হেলথ মোড় থেকে রাজবাড়ী ২ নম্বর রেলগেট পর্যন্ত দেড় কিলোমিটার সড়কটি খুবই গুরুত্বপূর্ণ। এই সড়কের কোল ঘেঁষে রয়েছে রাজবাড়ী সদর হাসপাতাল, কয়েকটি প্রাইভেট ক্লিনিক, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি অফিস এবং আবাসিক এলাকা। প্রতিদিন রাজবাড়ী সদর হাসপাতালে দেড় থেকে দুই হাজার মানুষ চিকিৎসা নিতে আসে। রাজবাড়ী শহরের প্রবেশের বাইপাস সড়ক হিসেবেও অনেক সময় এই সড়কটি ব্যবহৃত হয়ে থাকে। তবে দীর্ঘদিন সংস্কারের অভাবে সড়কটি এখন দুর্ভোগের নাম হয়ে দাঁড়িয়েছে।

গতকাল মঙ্গলবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, পাবলিক হেলথ মোড়ে বড় বড় গর্ত তৈরি হয়েছে। গর্তের মধ্যে পানি জমে আছে। পানি জমে যাওয়ার কারণে ধীর গতিতে চলছে রিকশা, ইজিবাইক, ট্রাকসহ রাস্তায় চলাচলরত যানবাহন। ভাঙার কারণে রাস্তার একপাশ দিয়ে যানবাহনগুলো চলাচল করার চেষ্টা করছে। এ কারণে মাঝেমধ্যে যানজট তৈরি হচ্ছে। হাসপাতাল গেটের সামনে বড় বড় কয়েকটি গর্ত দেখা গেছে। এ ছাড়া সারা রাস্তায়ই ছোট-বড় অনেক গর্ত তৈরি হয়েছে।

রিকশাচালক আমিন মণ্ডল বলেন, ‘আমি বেশি সময় এই রাস্তায় ভাড়া টানি। হাসপাতাল হওয়াতে এখানে বেশি যাত্রী পাওয়া যায়। কিন্তু রাস্তার অবস্থা এত খারাপ যে এখান দিয়ে চলাচল করা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। মাঝেমধ্যে গর্তে চাকা পড়ে রিকশা উল্টে যায়।’

মহসিন মৃধা নামে এক পথচারী বলেন, ‘আমার বাড়ি রাজবাড়ী শহরেই। পৌরসভার কোনো রাস্তায়ই ভালো নেই। তবে এই রাস্তাটা বেশি খারাপ। হাসপাতালে অনেক সময় মুমূর্ষু রোগী আনা হয়। ভাঙা রাস্তার কারণে এক দিকে যেমন বেশি সময় লাগে, আবার ঝুঁকির কারণে রোগীরা আরও বেশি অসুস্থ হয়ে পড়ে।’

রাজবাড়ী পৌরসভার নির্বাহী প্রকৌশলী এএইসএস আলী খান বলেন, ‘আমরা এই রাস্তার কাজের জন্য এর আগে একটি প্রস্তাবনা পাঠিয়ে ছিলাম। সরকার পতনের পরে একটি একনেক সভা হয়েছে। এতে আমাদের প্রস্তাবটি বাতিল হয়েছে। আমরা পৌরসভার পরবর্তী সভায় আবারও এই রাস্তার কাজের প্রস্তাবনা দেব।’