নারায়ণগঞ্জ জেলা-মহানগর ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক নারায়ণগঞ্জ জেলা শাখা ও নারায়ণগঞ্জ মহানগর শাখা বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। পাশাপাশি অধীনস্থ সকল উপজেলা/থানা, পৌর, কলেজ, ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রদলের কমিটিও বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মোঃ জাহাঙ্গীর আলম এক বিজ্ঞপ্তিতে জানান, মেয়াদোত্তীর্ণ হওয়ায় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর কমিটি এবং অধীনস্থ সকল ইউনিট কমিটিও বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর এই সিদ্ধান্ত অনুমোদন করেন। শীঘ্রই উক্ত তিনটি ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হবে।

উল্লেখ্য এর আগে ২০২৩ সালের ২৬ জানুয়ারী নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়। নাহিদ হাসান ভূঁইয়াকে সভাপতি এবং জুবায়ের রহমান জিকুকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের নতুন আংশিক কমিটির অনুমোদন দিয়েছিল জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।

কমিটির বাকীরা হলেন- সিনিয়র সহ- সভাপতি সুলতান মাহমুদ, সহ-সভাপতি সাগর সিদ্দিকী, সহ সভাপতি আতা ই রাব্বি, সিনিয়র যুগ্ম সম্পাদক জাকারিয়া ভূঁইয়া, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, যুগ্ম সম্পাদক আবু তাহের রিফাত এবং সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দোলন।

একই দিন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের ৬ সদস্যের নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল। কমিটিতে সভাপতি করা হয়েছিল রাকিবুর রহমান সাগরকে ও সাধারণ সম্পাদক করা হয়েছিল রাহিদ ইসতিয়াক সিকদারকে। কমিটিতে আরো ছিলেন সিনিয়র সহ-সভাপতি শাহাজাদা রতন, সিনিয়র যুগ্ম সম্পাদক আজিজুল ইসলাম রাজিব, যুগ্ম সম্পাদক ওসমান প্রীতম, সাংগঠনিক সম্পাদক মো. রাসেল। পরে চলতি বছরের ফেব্রুয়ারিতে জেলা ও মহানগর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়েছিল।