সিরাজগঞ্জের শাহজাদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছে। এই ঘটনায় আব্দুল্লাহ ও মঞ্জুরুল নামের ২ শ্রমিক আহত হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) শাহজাদপুর পৌর শহরের ডাক বাংলোর সামনে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, গত মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) শাহজাদপুর পৌর শহরের ডাক বাংলোর সামনে নির্মাণাধীন একটি ভবনের কাজের সময় এই দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ ময়মনসিংহের ফুলপুর উপজেলার মো. বক্কারের ছেলে। এছাড়া আহত আব্দুল্লাহ একই উপজেলার মোকারুলের ছেলে ও মঞ্জুরুল আব্দুল আজিজের ছেলে।
আহত আব্দুল্লাহ সহ কয়েকজন নির্মাণ শ্রমিক বলেন, মণিরামপুর বাজারের ব্যবসায়ী আল-বারাকা পেপারসের মালিক মো. লূৎফর রহমানের নির্মাণাধীন বাড়িতে পাইলিং এর কাজ শেষে লোহার খাচা লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিক মোহাম্মদ মুহুর্তে মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় আব্দুল্লাহ ও মনিরুল নামের আরও দুই শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন। মোহাম্মদের লাশ তার নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। এ ব্যাপারে কোনো মামলা করা হয় নি।