শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ

সিএমপির ডিসি-এসি-ওসিসহ ১৮ জনের নামে মামলার আবেদন

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন থেকে গ্রেপ্তারের পর থানায় নিয়ে নির্যাতনের অভিযোগে নগর পুলিশের এক ডিসি, এসি ও দুই ওসিসহ ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৭-৮ জন পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের হাকিম  মো. জাকির হোসেনের আদালতে উক্ত অভিযোগ দায়ের করেন নাজমুল হোসেন নামে এক শিক্ষার্থীর বড় ভাই মো. নজরুল ইসলাম।

নাজমুল হোসেন সরকারি সিটি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র। তিনি লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার চরবংশী এলাকার মোস্তফা বেপারীর ছেলে। আদালত মামলার আবেদনটি আদেশের জন্য অপেক্ষমান রেখেছেন বলে দেশ রূপান্তরকে জানিয়েছেন বাদীর আইনজীবী স্বরূপ কান্তি নাথ।

অভিযুক্তরা হলেন- নগর পুলিশের দক্ষিণ জোনের উপ-কমিশনার (ডিসি) মোস্তাফিজুর রহমান, কোতোয়ালী জোনের সহকারী কমিশনার (এসি) অতনু চক্রবর্তী, কোতোয়ালী থানার সাবেক ওসি এস এম ওবায়েদুল হক, বাকলিয়া থানার সাবেক ওসি আফতাব উদ্দিন, কোতোয়ালী থানার পেট্রোল ইন্সপেক্টর (ট্রাফিক) মো. মিজানুর রহমান, তার মুন্সি কনস্টেবল শাহজাহান, এসআই মো. মেহেদী হাসান, রুবেল মজুমদার, রণেশ বড়ুয়া, গৌতম, কনস্টেবল কামাল, বাকলিয়া থানার এসআই আবদুস সালাম, মো. মিজান এবং ওসির  দেহরক্ষী কনস্টেবল মো. ইলিয়াছসহ অজ্ঞাতনামা ৭-৮ জন পুলিশ সদস্য। 

বাদীর আইনজীবী স্বরূপ কান্তি নাথ বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে কলেজছাত্র নাজমুল হোসেনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে নির্যাতন করা হয়। তাকে ছাত্রশিবির ট্যাগ দিয়ে মামলার আসামিও করা হয়। এসব অভিযোগে নগর পুলিশের উক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে মামলার আবেদন করেছেন ভুক্তভোগীর বড় ভাই।’