টি-টোয়েন্টির নতুন বিশ্বসেরা অল-রাউন্ডার লিভিংস্টোন

একটা সময় বিশ্বসেরা অল-রাউন্ডার শব্দদুটি শুনলেই ভেসে উঠত সাকিব আল হাসানের নাম। তিন ফরম্যাটেই বছরের পর বছর রাজত্ব করে গেছেন সাকিব। এখন তার ক্যারিয়ারের পড়ন্ত বেলা। টি-টোয়েন্টি ক্রিকেটও পেয়ে গেল নতুন অল-রাউন্ডার। প্রথমবারের মতো আইসিসি টি-টোয়েন্টি অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছেন লিয়াম লিভিংস্টোন।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের পর ইংল্যান্ডের ৩১ বছর বয়সী এই ব্যাটিং অল-রাউন্ডার র‍্যাঙ্কিংয়ে সাত ধাপ এগিয়ে শীর্ষে উঠেছেন। গত ১-১ সমতায় শেষ হওয়া সিরিজের প্রথম ম্যাচে ২২ রানে ৩ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে করেন ২৭ বলে ৩৭ রান। পরের ম্যাচে ৪৭ বলে ৮৭ রানের ঝড়ো ইনিংসের পাশাপাশি বল হাতে নেন ১৬ রানে ২ উইকেট। জিতেছেন সিরিজসেরার পুরস্কার।

এমন দারুণ পারফর্মেন্সে ক্যারিয়ার সর্বোচ্চ ২৫৩ রেটিং পয়েন্ট অর্জন করেছেন লিভিংস্টোন। শীর্ষ স্থান থেকে দুইয়ে নেমে যাওয়া স্টয়নিসের পয়েন্ট ২১১। তিনে আছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা (২০৮) এবং চারে সাকিব আল হাসান (২০৬)। সেরা পাঁচের শেষজন হলেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা (২০৬)। এই চারজনই পূর্বের অবস্থান থেকে একধাপ করে পিছিয়ে গেছেন।

অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের পাশাপাশি টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় ১৭ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৩৩ নম্বরে। টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষ স্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। বোলারদের র‍্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা এক ধাপ এগিয়ে ছয়ে উঠে এসেছেন। শীর্ষে আছেন ইংল্যান্ডের স্পিনার আদিল রশিদ।