আইপিএলে বাজে পারফর্মেন্সের কারণে দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচের পদ থেকে ছাঁটাই হয়েছিলেন রিকি পন্টিং। অস্ট্রেলিয়ার কিংবদন্তি এই অধিনায়ককে এবার প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বলিউড তারকা প্রীতি জিনতার দল পাঞ্জাব কিংস। আজ বুধবার ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। তবে কয় বছরের জন্য চুক্তি- সেটা প্রকাশ করা হয়নি।
গত বছর পাঞ্জাবের কোচ ছিলেন ট্রেভর বেলিং। সঙ্গে ক্রিকেট ডেভেলপমেন্ট প্রধান হিসেবে ছিলেন সঞ্জয় বাঙ্গার, পেস বোলিং কোচ চার্ল ল্যাঙ্গভেল্ট এবং সুনীল যোশী ছিলেন স্পিন বোলিং কোচ হিসেবে। আইপিএলে ২০১৪ সালের পর থেকে তারা প্লে-অফের যোগ্যতা অর্জন করতে পারেনি। গত আইপিএলে তারা ৯ নম্বরে শেষ করেছিল।
এসব কারণেই পাঞ্জাবের পুরো কোচিং প্যানেল বদলে ফেলা হয়। গত চার বছরের মধ্যে পাঞ্জাবের তৃতীয় কোচ হলেন পন্টিং। দায়িত্ব নেওয়ার পর তার প্রথম কাজ হলো, নিলামের আগে কোন কোন ক্রিকেটারকে ধরে রাখা হবে- সেটা ঠিক করা। কোচিং স্টাফের বাকি সদস্যদেরকেও পন্টিং নির্বাচন করবেন। পাশাপাশি শিখর ধাওয়ান অবসর নেওয়ায় নতুন অধিনায়কও বেছে নিতে হবে।
সেই ২০০৮ সালের প্রথম আসর থেকেই পন্টিং আইপিএলের সঙ্গে যুক্ত। শুরুটা হয়েছিল কলকাতা নাইট রাইডার্সের খেলোয়াড় হিসেবে। এরপর মুম্বাই ইন্ডিয়ান্সের হয়েও তিনি আইপিএল খেলেছিলেন। খেলা ছাড়ার পর মুম্বাইয়ের কোচ হয়েছিলেন। এরপর ২০১৮ সালে তিনি দিল্লির কোচ হন। তার অধীনে পর পর তিন মৌসুম প্লে-অফে খেলার পাশাপাশি প্রথমবার ফাইনালও খেলেছিল দিল্লি।
চেন্নাইয়ে প্রচণ্ড গরম, ভ্রমণক্লান্তি নিয়েই অনুশীলনে সাকিব
ভারতের সঙ্গে হারজিত নিয়ে ভাবি না, শতভাগ দিতে চাই: নাজমুল শান্ত
রোনালদোর ক্লাবে কোচ টিকছে না, দেড় বছরে তিনজনের বিদায়
‘অবসর এখন মশকরা হয়ে গেছে’ – তামিম-স্টোকদের খোঁচালেন রোহিত