ইসরায়েলি বাহিনীর হামলায় অবরুদ্ধ গাজা ও অধিকৃত পশ্চিম তীরে ১১ হাজারেরও বেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ১৮ হাজার। ফিলিস্তিনি শিক্ষা মন্ত্রণালয়ের বরাতে মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত গাজা উপত্যকায় ১০ হাজার ৮৮৮ শিক্ষার্থী নিহত ও ১৭ হাজার ২২৪ জন আহত হন। একই সময়ে পশ্চিম তীরে ১১৩ শিক্ষার্থী নিহত ও ৫৪৮ জন আহত হয়েছেন। এ ছাড়া পশ্চিম তীর থেকে ৪২৯ শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানিয়েছে ফিলিস্তিনি শিক্ষা মন্ত্রণালয়।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে আছে। রাস্তায় অনেকের লাশ পড়ে আছে। কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারছেন না। এসব যোগ করলে হতাহতের সংখ্যা আরও কয়েক গুণ বৃদ্ধি পাবে। এখন পর্যন্ত ৪১ হাজারেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। আর আহতের সংখ্যা ৯৫ হাজার ছাড়িয়েছে।
গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য মিসর পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। এই সফরে জিম্মিদের মুক্তির বিষয়ে মিসরের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন তিনি। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে একটি চুক্তি সইয়ের লক্ষ্যে কয়েক মাস ধরে চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, কাতার ও মিসর।
এদিকে হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার বলেছেন, ‘ইসরায়েলের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী লড়াইয়ের জন্য প্রস্তুত ফিলিস্তিন।’