হামি ইন্ডাস্ট্রিজের এমডিকে কোটি টাকা জরিমানা

নিজ কোম্পানির শেয়ার কারসাজির দায়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত হামি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (পূর্বের ইমাম বাটন) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এএসএম হাসিব হাসানকে ১ কোটি টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। সিকিউরিটিজ আইন ভঙ্গের দায়ে গতকাল বুধবার কমিশন সভায় জরিমানার এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এর আগে এসইসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের কমিশন বন্ধ থাকা ইমাম বাটন ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে এএসএম হাসিব হাসানকে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের পদে নিয়োগ দেয়। এরপর ২০২৩ সালের ফেব্রুয়ারিতে অধ্যাপক মোহাম্মদ সগির হোসেন খন্দকার, মো. মাহামুদ হোসেন ও মোহাম্মদ মাসুম ইকবালকে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

চট্টগ্রামভিত্তিক ইমাম গ্রুপের সাবসিডিয়ারি এ কোম্পানিটি ২০১৮-১৯ হিসাববছর থেকে বন্ধ ছিল। নতুন পর্ষদ গঠনের পর ২০২৩ সালের আগস্টে তৈরি পোশাক শিল্পের জন্য বোতাম তৈরি করা কোম্পানিটি কৃষিভিত্তিক ব্যবসায় অংশগ্রহণের ঘোষণা দেয়। একই বছরের ডিসেম্বরে কারখানা প্রাঙ্গণে ট্যানারি ব্যবসার মাধ্যমে ব্যবসা সম্প্রসারণের ঘোষণা দেয় কোম্পানিটি। মূল্য সংবেদনশীল বিভিন্ন ঘোষণার মাধ্যমে ২০২৩ সালের নভেম্বরে ২১৩ টাকায় উন্নীত করা হয়। এ ক্ষেত্রে কারসাজির আশ্রয় নেওয়া হয়েছিল বলে অভিযোগ ওঠে। গত বছর নভেম্বরে এসইসির নির্দেশে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) তদন্তে নামে।

এদিকে হামি ইন্ডাস্ট্রিজ ছাড়াও গতকাল কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার লেনদেনে কারসাজির কারণে সিকিউরিটিজ আইন ভঙ্গ করায় শাহারা জামান ও তার সহযোগী আশফাকুজ্জামানকে আড়াই লাখ টাকা করে জরিমানার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। একই অভিযোগে সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেডকে ১০ লাখ এবং এম লুৎফুল গণি টিটু ও তার সহযোগী মো. মাহমুদুল হাসান, খাইরুল হাসান বেঞ্জু, লুৎফুন্নাহার বেগম, আকিকুন্নাহারসহ প্রত্যেককে ১ লাখ টাকা জরিমানা করা হয়।