ফরিদপুরে হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন

ফরিদপুরে বাসের হেলপার সাদ্দাক হোসেন হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদ- দিয়েছে আদালত। গতকাল বুধবার দুপুরে ফরিদপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শিহাবুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

দ-প্রাপ্ত আসামিরা হলেন জনি মোল্লা (২৬), মেহেদী আবু কাউসার (২৩), সাজ্জাদ হোসেন মাতুব্বর (২৯), রাজেশ ওরফে রবিদাস (২৮) ও রবিন মোল্লা (২৪)। রায়ে একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দেয় আদালত। রায়ে অন্য দুই আসামি আলমগীর হোসেন পাঠান (৩৬) ও হাফিজুল বেপারিকে (২৩) পাঁচ বছরের সাজা দেওয়া হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ২৪ অক্টোবর ফরিদপুর শিশুপার্ক এলাকা থেকে রাতে নূপুর পরিবহনের একটি বাস চুরি হয়। এ ঘটনায় বাসের মালিক জয়নাল আবেদীন থানায় অভিযোগ করেন। পরদিন বাসটি ভাঙ্গা চৌরাস্তা মোড় থেকে উদ্ধার করে কোতোয়ালি থানা-পুলিশ। এ সময় বাসের ভেতর থেকে হাত-পা বাঁধা অবস্থায় হেলপার সাদ্দাক হোসেনের লাশ উদ্ধার করা হয়। পরে পুলিশ তদন্ত করে সাতজনের নাম উল্লেখ করে ২০২০ সালের ২৩ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।