দুই হাতে গুলি চালানো রাজশাহীর সেই রুবেল আরও ৭ দিনের রিমান্ডে

রাজশাহীতে গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর দুই হাতে দুই পিস্তল নিয়ে গুলি চালানো তালিকাভুক্ত সন্ত্রাসী ও যুবলীগ নেতা জহিরুল ইসলাম রুবেলকে দ্বিতীয় দফায় রিমান্ডে পাঠিয়েছেন আদালত। রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাকিব আনজুম হত্যা মামলায় পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক ফয়সল তারেক এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত রবিবার পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এই রিমান্ড শেষে বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করলে বিচারক দ্বিতীয় দফায় রিমান্ড মঞ্জুর করেন।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাবিনা ইয়াসমীন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রুবেলের বিরুদ্ধে ইতোমধ্যে চারটি মামলা হয়েছে। এর মধ্যে দুটি হত্যা মামলা। গত রবিবার একটি হত্যা মামলায় রিমান্ড মঞ্জুর করেন আদালত। অপর হত্যা মামলায় বৃহস্পতিবার ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ৫ আগস্টের ভিডিও ফুটেজে দেখা যায়, রুবেল মাথায় হেলমেট পরে দুটি পিস্তল দুই হাতে নিয়ে সমান তালে শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলিবর্ষণ করছেন। ওই সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাকিব আনজুম ও রাজশাহী কলেজের শিক্ষার্থী আলী রায়হান নিহত হন। গুলিবিদ্ধ হয় অর্ধশতাধিক শিক্ষার্থী। এই দুই শিক্ষার্থী হত্যা মামলার আসামি জহিরুল ইসলাম রুবেল।