নরসিংদী জেলা কারাগার থেকে পলাতক আসামি গ্রেপ্তার

নরসিংদী জেলা কারাগার থেকে পলাতক আবু কালাম (৩৫) নামে এক হত্যা মামলার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে মাধবদী থানার উত্তর চরভাষানিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আবু কালাম মাধবদী থানার উত্তর চরভাষানিয়া এলাকার আবু সিদ্দিকের ছেলে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকালে গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় জেলা কারাগার থেকে পলাতক হত্যা মামলার আসামি আবু কালাম চরভাষানিয়া এলাকার নিজ বাড়িতে অবস্থান করছে। পরে মাধবদী থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

মাধবদী থানার ওসি মো. তছলিম উদ্দিন বলেন, আবু কালামের বিরুদ্ধে ২০২৩ সালের ২৯ ডিসেম্বর মাধবদী থানায় একটি হত্যা মামলা করা হয়। সেই মামলায় সে কারাগারে ছিল। গত ১৯ জুলাই নরসিংদী কারাগারে আক্রমণ এবং অস্ত্র লুটের ঘটনার পর সেখানে থাকা সকল বন্দি পালিয়ে যায়। আবু কালামও তখন পালিয়ে যায়। আজকে তাকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।