জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) গনপিটুনিতে ইতিহাস বিভাগের ৩৯ ব্যাচের শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম মোল্লা হত্যার ঘটনায় সংশ্লিষ্ট থাকার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাবি শাখার সমন্বয়ক আহসান লাবিবকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক বিবৃতিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাবি শাখা তাকে অব্যাহতি দেওয়ার বিষয়টি জানান।
ওই বিবৃতিতে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সংঘটিত সহিংসতায় অংশগ্রহনের অভিযোগ থাকায় আহসান লাবিবকে 'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোললনের সমন্বয়ক পদ থেকে অব্যাহতি প্রদান করা হচ্ছে। সুষ্ঠু তদন্ত শেষ না হওয়ার আগ পর্যন্ত এই অব্যাহতি বহাল থাকবে।
এর আগে গতকাল বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক ফটকে একদল শিক্ষার্থী শামীম মোল্লাকে দেখতে পেয়ে তাকে মারধর শুরু করে। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সদস্যরা তাকে প্রক্টর অফিসে নিয়ে যায়। সন্ধ্যা ৬ টার দিকে একদল বিক্ষুব্ধ শিক্ষার্থী তাকে প্রক্টর অফিস থেকে নিরাপত্তা শাখায় নিয়ে সেখানে কয়েকদফা মারধর করে। রাত সোয়া আটটার দিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে আশুলিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করেন। রাত সোয়া নয়টার দিকে তাকে পুলিশি হেফাজতে সাভারের গণস্বাস্থ্য মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।