দোকানে হামলা চালিয়ে অভিযুক্ত বললেন ‘ঠিক করে দেব’

কুমিল্লার বিশ্বরোডে অবৈধভাবে দোকান দখল করতে না পেরে বিসমিল্লাহ টাইলস নামের একটি দোকান ভাঙচুর করেছেন মুন্না নামের এক ব্যক্তি। এতে ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী সামছুল আলম (৪৯)। এছাড়া তাকে হত্যার হুমকিসহ বিভিন্নভাবে হয়রানি করার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে পদুয়ার বাজারে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মুন্না সদর দক্ষিণ গোফিনাথপুর হাজী সৈয়দ আহম্মেদের ছেলে। তিনি এলাকায় একজন সন্ত্রাসী হিসেবে পরিচিত। স্থানীয়দের অভিযোগ, মুন্না স্থানীয় লোকজনের কাছে টাকা দাবি করে বিভিন্নভাবে হয়রানি করেন।

জানা গেছে, বিশ্বরোড এলাকার দোকানটি দখল করতে সামছুল আলমকে নানাভাবে হুমকি দিয়ে আসলেও বৃহস্পতিবার দুপুর ১টা ১৫ মিনিটের দিকে মুন্না ও রাব্বির নেতৃত্বে ২০/২৫ জন সন্ত্রাসী দোকানটি দখলের চেষ্টা করে। এ সময় তারা ব্যর্থ হয়ে হামলা ও ভাঙচুর করে পালিয়ে যায়।

ভুক্তভোগী সামছুল আলম বলেন, ‘মুন্না বিভিন্ন সময় আমার দোকান দখল করতে হুমকি দিয়েছে। আমি এসব বিষয়ে কান দিতাম না। কিন্তু আজ যখন জোহরের নামাজে গেছি, তখন সে দোকানে আমাকে না পেয়ে আরেক সন্ত্রাসী রাব্বিসহ ২০/২৫ জনকে নিয়ে আমার দোকান ভাঙচুর করে। আমি এর বিচার চাই।’ তিনি থানায় মামলা হয়েছে বলে জানিয়েছেন।

অভিযোগের বিষয় জানতে চাইলে মুন্না বলেন, ‘আমি হামলা করিনি। আমার হাজতখোলার বন্ধু রাকিব প্রথমে হামলা করে এরপর আমিও করি। অন্যায় করেছি এবং তা স্বীকার করছি। যা ভাঙচুর হয়েছে তা ঠিক করে দেব।’

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, ‘বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কিন্তু পুলিশ যাওয়ার আগেই অভিযুক্ত ব্যক্তি চলে যায়। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’