জ্বালানি স্থাপনায় হামলা মানবাধিকারের পরিপন্থী

ইউক্রেনের জ্বালানি স্থাপনা ও বেসামরিক অবকাঠামোতে হামলা চালিয়েছে রাশিয়া। গতকাল বৃহস্পতিবার দেশটির রাজধানী কিয়েভের বিদ্যুৎ গ্রিডে এ হামলাকে মানবাধিকার আইনের লঙ্ঘন হিসেবে বর্ণনা করেছে জাতিসংঘ। ইউক্রেনে সংস্থাটির ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস মনিটরিং মিশন জানিয়েছে, এই হামলায় ২৮টি সম্প্রদায় ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা সাতটি বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনের পর এই প্রতিবেদন প্রকাশ করে। ইউক্রেনের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোতে এই হামলা মানবাধিকারের পরিপন্থী।

চলতি সপ্তাহে সুমি অঞ্চলে একাধিক রুশ হামলায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই প্রতিবেদনে চলতি বছরের মার্চ থেকে আগস্টের মধ্যে ৯টি হামলার ওপর আলোকপাত করা হয়। ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, রাশিয়ার ছোড়া ৪২টি ড্রোন ও চারটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়। ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, জ্বালানিব্যবস্থা লক্ষ্য করে হামলা একটি যুদ্ধাপরাধ। আন্তর্জাতিক অপরাধ আদালত-আইসিসি ইতিমধ্যে চার রুশ সামরিক কর্মকর্তার বিরুদ্ধে বেসামরিক বিদ্যুৎ অবকাঠামোতে হামলার জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। তবে আইসিসির এই গ্রেপ্তারি পরোয়ানাকে ‘অপ্রাসঙ্গিক’ উল্লেখ করেছে রুশ কর্তৃপক্ষ।