চেন্নাই টেস্টের শুরুটা দারুণ করেছিল বাংলাদেশ। দেড়শর আগেই ভারতের ৬ উইকেট তুলে নিয়েছিল। এরপরই রবীন্দ্র জাদেজা আর রবিচন্দ্রন অশ্বিনের দুর্দান্ত জুটিতে ঘুরে দাঁড়ায় ভারত। গতকাল বৃহস্পতিবার ম্যাচের ঘটনাবহুল প্রথম দিনে খেলা হয়েছে ৮০ ওভার। এ কারণে অধিনায়ক নাজমুল হোসেন শান্তসহ পুরো দলের সাজা হওয়ার শঙ্কা তৈরি হয়েছে।
আইসিসির নিয়ম অনুযায়ী, মন্থর ওভার রেটের কারণে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট কাটা হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে একটি দল যতগুলো ওভার কম করবে, তত পয়েন্ট কাটা হবে। টেস্টে প্রতিদিন ৯০ ওভার বল করা হয়। কিন্তু গতকাল ৩০ মিনিট অতিরিক্ত খেলা হলেও বাংলাদেশ বল করেছে ৮০ ওভার। এর মাঝে পেসারেরাই করেছেন ৫০ ওভার আর তিন স্পিনার মিলে ৩০ ওভার করেছেন।
বিষয়টি নিয়ে ধারাভাষ্যকার হার্শা ভোগলে বলেছেন, ‘৩০ মিনিট অতিরিক্ত খেলা হয়েছে, তারপরও বাংলাদেশ ৮০ ওভারের বেশি বোলিং করতে পারেনি। এটা মেনে নেওয়া যায় না!’
আজ শুক্রবার ম্যাচের দ্বিতীয় দিনের প্রথম সেশনেই ভারতকে অল-আউট করেছে বাংলাদেশ। তবে নিজেদের ব্যাটিংয়ের শুরুটাও হয়েছে খুবই বাজেভাবে। পুরো টেস্টেই যদি মন্থর ওভাররেট থাকে, তাহলে বাংলাদেশ দলের পয়েন্ট কর্তন হতে পারে। এর আগে ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো দলেরও মন্থর ওভাররেটের কারণে পয়েন্ট কাটা হয়েছিল।