হাসানের ৫ উইকেট, ভারত থামল ৩৭৬ রানে

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৮ এএম

জাসপ্রিত বুমরাকে আউট করে টানা দ্বিতীয় ৫ উইকেট শিকার করলেন হাসান মাহমুদ। তাতে ভারত গুটিয়ে গেল ৩৭৬ রানে। ভারতের মাটিতে এবারই প্রথম তাদেরকে অল আউট করতে পারল বাংলাদেশ।

অথচ দ্বিতীয় দিনে নিজের চতুর্থ ওভারের বোলিং করার সময় হাসান মাহমুদের মুখটা বেশ শুকনো দেখাচ্ছিল। ধারাভাষ্যকক্ষ থেকে তামিম ইকবাল তা খেয়াল করে বলেছিলেন, হাসানকে কিছুটা ক্লান্ত দেখাচ্ছে। রবি শাস্ত্রীও তামিমের কথায় একমত হয়ে বলেছিলেন, গতকাল কিছুটা মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকায় হাসান সেই সুবিধা কাজে লাগিয়ে ৪ উইকেট নিয়েছেন। আজ গরম আছে, সূর্যও আকাশ থেকে গনগনে তাপ দিচ্ছে। আজ তার জন্য কাজটা কঠিন হবে। তামিম ফের বলেছিলেন, অবশ্যই পঞ্চম উইকেটের দেখা পেতে গেলে হাসানকে কষ্ট করতে হবে।

সেই কষ্ট হাসান করেছিলেন। তাই তো ৯২তম ওভারের দ্বিতীয় বলে হলেন সফল। বুমরাকে স্লিপে ক্যাচ বানিয়ে ভারতকে প্রথম ইনিংসে ৩৭৬ রানে অলআউট করার পাশাপাশি নিজেও ব্যাক টু ব্যাক ইনিংসে ৫ উইকেট শিকার করলেন হাসান।

রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে ৪৩ রানে ৫ উইকেট নিয়েছিলেন হাসান। এরপর চেন্নাইয়ে ভারতের প্রথম ইনিংসে ৮৩ রানে নিলেন ৫ উইকেট। হাসানের ক্যারিয়ারেরও এটা দ্বিতীয় ফাইফার।

৮০ ওভারে ৬ উইকেটে ৩৩৯ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল ভারত। আজ ১১.২ ওভার টিকেছে তাদের ইনিংস। এর মধ্যে ভারতের বাকি ৪ উইকেট তুলে নেওয়ার পথে তাসকিন নিয়েছেন ৩ উইকেট, হাসান ১ উইকেট। ভারতের প্রথম ইনিংসে ১০ উইকেটের মধ্যে ৯টি নিয়েছেন বাংলাদেশের পেসাররা। বাকি ১টি উইকেট স্পিনার মিরাজের।

হাসানের শেষ উইকেটের মধ্য দিয়ে ভারতকে তাদের মাটিতে বাংলাদেশ প্রথমবার অলআউট করতে পেরেছে। এর আগে ২০১৯ সালে  ৯ উইকেটে ৩৪৭ করে ইনিংস ঘোষণা করেছিল ভারত। সেই ম্যাচ বাংলাদেশ ইনিংস ও ৪৬ রানে হেরেছিল।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত