এক সপ্তাহের মধ্যে টানা তৃতীয় অ্যাওয়ে ম্যাচ খেলতে যাচ্ছে আর্সেনাল। ইপিএলে টটেনহ্যাম এবং চ্যাম্পিয়নস লিগে আতালান্তার মাঠে খেলার পর এবার ম্যানচেস্টার সিটির মাঠে খেলবে গানার্সরা। আগামী রবিবার ইংলিশ প্রিমিয়ার লিগে ইতিহাদে ম্যানসিটি-আর্সেনাল হাই ভোল্টেজ ম্যাচ।
আর্সেনাল কোচ মিকেল আর্তেতা বলেছেন, লিগ চ্যাম্পিয়নদের বিপক্ষে ম্যাচের জন্য প্রস্তুত তার দল।
গত দুই মৌসুমে লিগ শিরোপা জয়ের সম্ভাবনা জাগিয়েছিল আর্সেনাল। তবে শেষ পর্যন্ত শিরোপা ওঠে সিটির ঘরে। আর্সেনাল দুইয়ে থেকে শেষ করে। এবারও চার রাউন্ড শেষে লিগ টেবিলে প্রথম দুটি স্থানে আছে ম্যানসিটি ও আর্সেনাল।
সংবাদ সম্মেলনে আজ আর্সেনাল কোচ আর্তেতা বলেন, 'আমরা প্রাক-মৌসুম থেকেই এই ম্যাচের জন্য প্রস্তুতি নিয়েছি। অবশ্যই আমরা সূচি জানতাম এবং আমরা জানি যে, এই কন্ডিশনে ছয় দিনে তিনটি বড় অ্যাওয়ে ম্যাচ খেলা খুব বিরল। কিন্তু এটাই বাস্তবতা, তাই শারীরিক, মানসিক ও কৌশলগতভাবে এই ম্যাচের জন্য নিজেদের প্রস্তুত করেছি আমরা।'
সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ তিন দেখায় আর্সেনালকে হারাতে পারেনি পেপ গার্দিওলার দল। গত মৌসুমে লিগে ইতিহাদে ম্যানসিটি-আর্সেনাল ম্যাচ গোলশূন্য ড্র হয়।