শেষ মুহূর্তের গোলে ভারতের কাছে হার বাংলাদেশের

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১৬ পিএম

শুরুর ৯০ মিনিট ম্যাচ ছিল গোলশূন্য। ভুটানে শুরু হওয়অ সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী ভারতকে রুখতে পারলেই সেমিফাইনালে যাওয়ার কাজটা সহজ হয়। তবে সেই স্বপ্ন ভেস্তে গেছে যোগ করা সময়ে গোল হজম করে।

১-০ হারে পয়েন্ট পাওয়ার সুযোগ হারানোয় রবিবার মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশকে খেলতে হবে ডু-অর-ডাই ম্যাচ। আবার মালদ্বীপকে হারালেও নিঃসংশয় থাকার উপায় নেই বাংলাদেশের। সাইফুল বারী টিটুর দলকে অপেক্ষায় থাকতে হবে ভারত ও মালদ্বীপের ম্যাচের ফলের জন্য।

যোগ করা সময় ছিল পাঁচ মিনিট। এর দ্বিতীয় মিনিটে সতীর্থের কর্নার থেকে সুমিত শর্মার হেড জালে জড়ালে হতাশ হতে হয় বাংলাদেশকে। এই জয়ে ‘এ’ গ্রুপ থেকে ভারতের সেমিফাইনাল অনেকটা নিশ্চিত।

বাংলাদেশ-ভারত ম্যাচ মানেই অন্যরকম উত্তেজনা। গেলো কয়েক বছরে সাফের বয়সভিত্তিক আসরগুলোতে তেমনটাই হয়ে আসছে। যদিও শুক্রবার ভারতের প্রাধান্য ছিল বেশি। তারপরও মাঠের মতো ডাগআউটেও মাঝেমধ্যেই ছড়িয়েছে উত্তেজনা। ভারতের এক সহকারী কোচ মেজাজ হারিয়ে দেখেছেন হলুদ কার্ড। মাঠে দু’দলের মোট পাঁচজনকেও ভুটানি রেফারি সতর্ক করেছেন হলুদ কার্ড দেখিয়ে। 

থিম্পুর এই মাঠেই সপ্তাহ দেড়েক আগে বাংলাদেশ জাতীয় দলকে ফিফা প্রীতি ম্যাচে শেষ মুহূর্তে গোল খেয়ে স্বাগতিক ভুটানের কাছে পেতে হয়েছিল হারের লজ্জা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত