চট্টগ্রাম নগরে টার্ফের (কৃত্রিম ঘাসের মাঠ) দখল নিয়ে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে জুবায়ের উদ্দিন নামে এক যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে পুরাতন চান্দগাঁও এলাকায় চান্দগাঁও স্পোর্টস জোন কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, স্পোর্টস জোন কমপ্লেক্স উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে নগর যুবদল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নগর যুবদলের যুগ্ম সম্পাদক মোশাররফ হোসাইন দিপ্তী। অনুষ্ঠানে দিপ্তী এবং নগর যুবদলের কৃষিবিষয়ক সম্পাদক নুরুল আমিনের অনুসারীদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, টার্ফে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। এতে একজন নিহত হয়েছেন। তার লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।'
সংশ্লিষ্ট সূত্র জানায় , মোশাররফ হোসাইন টার্ফটি ইজারা নিয়েছেন বলে দাবি তার পক্ষের লোকজনের। তবে নুরুল আমিন গ্রুপের লোকজন টার্ফটি দখল নিতে চেয়েছেন। এর সূত্র ধরেই সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। এতে একজন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। নিহত ব্যক্তি মোশাররফের অনুসারী হিসেবে পরিচিত।
সিটি করপোরেশন সূত্র জানায়, স্পোর্টস কমপ্লেক্সটি ১০ লাখ টাকায় ইজারা দেওয়া হয়েছে। তবে মোশাররফ হোসাইন নামের কাউকে ইজারা দেওয়া হয়নি।৷ চান্দগাঁও স্পোর্টস জোন কমপ্লেক্সটি চট্টগ্রাম সিটি করপোরেশনের। প্রায় দুই কোটি টাকা ব্যয়ে ৩৫ দশমিক ২২ কাঠা জায়গায় নির্মাণ করা হয় এ আধুনিক স্পোর্টস কমপ্লেক্স। চলতি বছরের জুন মাসে এটি উদ্বোধন করেন সাবেক সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। স্পোর্টস কমপ্লেক্সটি আজ আবার উদ্বোধন করা নিয়ে হতাহতের এই ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।