নারায়ণগঞ্জ শহরের খানপুরে নবাব সিরাজউদ্দৌলা রোড এলাকায় কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের কলোনি থেকে উচ্ছেদ করা শ্রমিকদের পুনর্বাসনের দাবিতে মানববন্ধন করেছে ভূমিহীন তিন শতাধিক পরিবার। গতকাল শুক্রবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত এ কর্মসূচি পালন করে তারা।
এ সময় বক্তারা বলেন, নবাব সিরাজউদ্দৌলা রোডে কুমুদিনী ট্রাস্টের দুটি কলোনিতে ৭০০ বিহারি শ্রমিক পরিবার দেড়শ বছর ধরে বসবাস করে আসছিল। কুমুদিনী কর্তৃপক্ষ সেখানে ক্যানসার ইনস্টিটিউট হাসপাতাল নির্মাণের জন্য ২০২১ সালে দুটি কলোনি থেকে এই ৭০০ পরিবারকে সাবেক এমপি সেলিম ওসমান, শামীম ওসমান ও যুবলীগ ছাত্রলীগের ক্যাডার বাহিনী দিয়ে জোরপূর্বক উচ্ছেদ করে দেয়। উচ্ছেদের পর তাদের পুনর্বাসনের কথা থাকলেও গত তিন বছরে কুমুদিনী কর্তৃপক্ষ তা বাস্তবায়ন না করায় ভাসমান অবস্থায় মানবেতর জীবনযাপন করছে হতদরিদ্র পরিবারগুলো। এ অবস্থায় ভূমিহীন এই পরিবারগুলোকে অবিলম্বে পুনর্বাসনের ব্যবস্থা করতে সেনাবাহিনী ও অন্তর্বর্তী সরকারের সহযোগিতা কামনা করেন তারা। অন্যথায় আরও বৃহৎ আন্দোলন কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেয় তারা।
বক্তারা আরও বলেন, কুমুদিনীর বস্তি থেকে ৭০০ পরিবারকে উচ্ছেদ করা হলেও সেখানে গেল তিন বছরেও ক্যানসার ইনস্টিটিউট হাসপাতাল নির্মাণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বরং উচ্ছেদ করা সেই ভূমিতে গুদাম তুলে ভাড়া দেওয়া হয়েছে।
এ বিষয়ে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের জিএম রঞ্জিত সাহা বলেন, ‘আন্দোলনকারীদের অভিযোগ সম্পূর্ণরূপে ভুল। ওই জমির বিষয়ে হাইকোর্টের রায় আমাদের পক্ষে ছিল। আমরা আইনগতভাবেই সব কিছু করেছি। কুমুদিনী এমন একটি প্রতিষ্ঠান, যারা কোনো অন্যায় কাজ করে না। এ ছাড়া তাদের পুনর্বাসনের কোনো প্রতিশ্রুতিও কুমুদিনী কর্তৃপক্ষ দেয়নি। আমরা শুনেছি তারা বিভিন্ন স্থানে মানববন্ধন করে কুমুদিনীর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমাদের ক্যানসার ইনস্টিটিউট হাসপাতাল নির্মাণকাজ চলমান রয়েছে। সেখানে কোনো ধরনের গুদাম তুলে ভাড়া দেওয়া হয়নি।’