শিল্পাঞ্চল আশুলিয়ায় টানা শ্রমিক অসন্তোষের পরে কর্মচাঞ্চল্য ফিরেছে কারখানাগুলোতে। তবে এখনও বিভিন্ন দাবির কারণে ১৬টি পোশাক কারখানা বন্ধ রয়েছে। এছাড়া শিল্পাঞ্চলে অন্য পোশাক কারখানাগুলোতে স্বাভাবিকভাবেই কাজ চলছে। এদিকে শিল্পাঞ্চলে কারখানা এবং শ্রমিকদের নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ও সেনাবাহিনী টহল অব্যাহত রয়েছে বলে জানান আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম।
সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, শিল্পাঞ্চল আশুলিয়ার ডিইপিজেড, পল্লীবিদ্যুৎ, বাইপাইল, চক্রবর্তী, জামগড়া জিরানি, বাড়ইপাড়া এলাকায় সকাল থেকেই স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগ দিয়েছে পোশাক শ্রমিকরা। তবে আশুলিয়ায় ১ হাজার ৮৬৩ পোশাক কারখানার মধ্যে ১৬ পোশাক কারখানা বন্ধ রয়েছে। এরমধ্যে ১৩ পোশাক কারখানা ১৩ (১) ধারায় অনিদিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। এছাড়া ৩টি পোশাক কারখানায় সকালে শ্রমিকরা কাজে যোগ দিলেও পরে সাধারণ ছুটি ঘোষণা করে কারখানা কর্তৃপক্ষ।
বাংলাদেশ গামের্ন্টে ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, শিল্পাঞ্চল আশুলিয়ায় স্বাভাবিকভাবেই কাজ চলছে। সকাল থেকেই পোশাক কারখানাগুলোতে কাজ যোগ দিয়েছে শ্রমিকরা। পর্যায়ক্রমে কারখানার মালিকপক্ষ আলোচনা করে কারখানার সমস্যাগুলো সমাধান করছে। তবে নতুন করে কারখানায় শ্রমিকদের ছাটাই করা হচ্ছে বলে জানান তিনি।
শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, আজ ১৩টি পোশাক কারখানা ১৩ (১) ধারায় বন্ধ রয়েছে। এছাড়াও ৩টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। কারখানাগুলোতে স্বাভাবিকভাবেই কাজ চলছে। এছাড়া যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।