মৌলভীবাজারের কুলাউড়ায় অসুস্থ স্ত্রী মারা যাওয়ার একদিন পরই মারা গেলেন স্বামী মো. মবশ্বির আলী। মবশ্বির আলী জাতীয় পার্টির নেতা ছিলেন। দুজনই দীর্ঘদিন যাবত দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে স্বামী মবশ্বির আলী কুলাউড়ার চৌধুরী বাজারের নিজ বাড়িতে এবং তার স্ত্রী রাজনগর উপজেলায় শ্বশুরবাড়িতে শয্যাশায়ী ছিলেন।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে তার স্ত্রী রাজনগর উপজেলার পাঠানটুলায় শ্বশুর বাড়িতে মারা যান। স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে শ্বশুর বাড়িতে গিয়ে জানাজা শেষ করে বিকেলে তার ছোট ভাই হারুনুর রশিদের মৌলভীবাজারস্থ বাসায় চলে যান তিনি। সেখানে থাকা অবস্থায় শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে মবশ্বির আলীও মারা যান।
মবশ্বির আলী জীবিত অবস্থায় জাতীয় পার্টির রাজনীতির সাথে সক্রিয় ছিলেন। এ ছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন।
মবশ্বির আলীর ভাই হারুনুর রশিদ জানান, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি ৩ ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার চৌধুরী বাজার জিএস কুতুব শাহ দাখিল মাদ্রাসা মাঠে মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।