মেয়েকে ডাক্তার বানানোর স্বপ্ন অধরাই থেকে গেল বাবার

চার বছর আগে নিজ বাড়ি ছেড়ে ইউরোপে পাড়ি জমানোর স্বপ্নে বিভোর হয়ে লিবিয়ার উদ্দেশে রওয়ানা দেন সিলেটের বিয়ানীবাজার উপজেলার এমলাক আহমদ চৌধুরী। কিন্তু লিবিয়া থেকে ইতালি যেতে দুইবার চেষ্টা করেও ব্যর্থ হোন তিনি।

গত ৮ সেপ্টেম্বর লিবিয়ার বেনগাজী শহরে রান্না করতে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হন। চিকিৎসাধীন অবস্থায় গত ১৫ সেপ্টেম্বর মারা যান এমলাক। রেখে যান এক ছেলে ও এক মেয়েকে। মেয়েকে ডাক্তার বানানোর স্বপ্ন দেখেছিলেন নিহত এমলাক আহমদ। সিলিন্ডার বিস্ফোরণে এভাবেই হারিয়ে যাবে এমলাকের স্বপ্ন এমনটা কল্পনাও করেনি তার পরিবার। 

পরিবারের মধ্যে বড় ছেল হিসেবে আয়ের বড় উৎস ছিলেন নিহত এমলাক। তার এমন মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। ছোট মেয়ে আবেগজড়িত কন্ঠে বলে উঠছে, ‘আমার বাবায় কইছন ডাক্তার বানাইবা।’ 

নিহত এমলাকের ছোট ভাই মিশফাক আহমদ জানান, পরিবারের মধ্যে আমার ভাই আর আমি ছিলাম আয়ের উৎস। তিনি দেশে থাকাকালীন সময়ে আমরা উভয়েই গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করতাম। ভাইয়ের এমন মৃত্যুতে আমরা দিশেহারা। মৃতদেহ দেশে ফিরিয়ে দাফনের জন্য বাংলাদেশ কনস্যুলেটের মাধ্যমে লিবিয়া সরকারের কাছে আবেদন জানিয়েছি। বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।