৭১টি রুশ ড্রোন ধ্বংসের দাবি ইউক্রেনের

রাশিয়ার ছোড়া ৭১টি ড্রোন ধ্বংসের দাবি করেছে ইউক্রেন। গতকাল রবিবার ইউক্রেনের বিমানবাহিনী এ দাবি জানিয়েছে। এক বিবৃতিতে দেশটির বিমানবাহিনী জানায়, শনিবার রাতে ইউক্রেনের আকাশে রাশিয়ার ৮০টি ড্রোন শনাক্ত করা হয়। এর মধ্যে ৭১টি ড্রোন ধ্বংস করেছে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ইউনিট।

ইউক্রেনের লুহানস্ক অঞ্চলের দখলকৃত অংশ থেকে দুটি গাইডেড ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে রাশিয়া। ক্ষেপণাস্ত্রগুলো ভূখণ্ডে আঘাত হেনেছে নাকি সেগুলোকে প্রতিহত করা হয়েছে সে বিষয়ে স্পষ্ট কিছু জানায়নি কিয়েভ। শীতের আগে ইউক্রেনের পারমাণবিক শক্তির গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলার প্রস্তুতি নিচ্ছে বলে মন্তব্য করেছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা। তবে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি মস্কো। এদিকে সরকারি সব যন্ত্রে ও সরকারি অফিস, সামরিক কর্মকর্তা ও সেনাসদস্য এবং গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত ব্যক্তিদের টেলিগ্রাম অ্যাপ ব্যবহার নিষিদ্ধ করেছে ইউক্রেন। বেসামরিক নাগরিকদের জানমাল ও ভৌগোলিক নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় ইউক্রেনের জাতীয় ও প্রতিরক্ষা কাউন্সিল।