ভারতের সবচেয়ে বড় ফ্যাশন উইকে ঢাকার স্নিগ্ধা
দুই বছর আগে ‘রাস্তা’ সিনেমা দিয়ে মডেল স্নিগ্ধা চৌধুরীর বড় পর্দায় অভিষেক হওয়ার কথা থাকলেও সেটি আর সম্ভব হয়নি। মাঝপথেই আটকে যায় ছবির কাজ, শুরুর আগেই আসে সমাপ্তির খবর। সিনেমাটি আর হচ্ছে না বলেই জানালেন প্রযোজক। তবে এরমধ্যে সুখবর হলো, ভারতে অনুষ্ঠিত জিআইসিডাব্লিউ ফ্যাশন উইক মাতিয়ে এলেন ঢাকার এই নবাগতা। ১২ থেকে ১৫ সেপ্টেম্বর নয়াদিল্লিতে এই ফ্যাশন উইক অনুষ্ঠিত হয়। ভারতের সবচেয়ে বড় এই ফ্যাশন উইকে এবারই প্রথম বাংলাদেশের নাম লেখালেন স্নিগ্ধা। ভারতীয় ফ্যাশন ইন্ডাস্ট্রির নামকরা সব তারকা মডেলদের সঙ্গে ক্যাটওয়াক করে ইতিহাস গড়লেন এই মডেল। স্নিগ্ধা জানান, পনি বেনারসি শাড়ি দিয়ে কাপড় তৈরি করেন, যেগুলো পরে হেঁটেছেন তিনি। তিনি বলেন, ‘এটা আমার জীবনের বড় একটা ঘটনা। এর আগে এত বড় শোতে আমার হাঁটা হয়নি। ভারতীয় ফ্যাশন ইন্ডাস্ট্রি অনেক বড়। আমি ওখান থেকে অনেক কিছু শিখতে পেরেছি।’