সরকারি পর্যায়ে নিষ্ক্রিয় থাকার দিন শেষ : রিজওয়ানা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘সরকারি পর্যায়ে কোনো নীরবতা বা নিষ্ক্রিয়তা থাকার দিন শেষ হয়ে গেছে। একটি কথা মাথায় রাখতে হবে নদীর পানি শুধু রাজনীতি না, এটি কূটনীতি, অর্থনীতিও। এজন্য আমাদের মানুষের দুর্ভোগ ও প্রত্যাশা বুঝতে, সেই অনুযায়ী উজানের দেশের সঙ্গে কথা বলতেই এখানে এসেছি।’

গতকাল রবিবার বেলা সাড়ে ১১টার দিকে ফেনীর পরশুরামের নিজ কালিকাপুর এলাকায় বন্যায় ভাঙনকবলিত বল্লামুখা বাঁধ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘মানবিক কারণে দুটি দেশ এক হয়ে নদীর পানি ব্যবস্থাপনা এবং দুর্যোগ ব্যবস্থাপনার বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। আজ তিপ্পান্ন বছর হয়ে গেল আমরা তিস্তার চুক্তি স্বাক্ষর করতে পারিনি। চুক্তি যদি পানি ভাগাভাগির পরে হয়, কম হয়, সেটা আরেকটা বিষয়। কিন্তু আমার দেশের মানুষকে তো বাঁচাতে হবে। সে দাবিটুকু প্রতিবেশী রাষ্ট্র অস্বীকার করতে পারবে না, সে জায়গা থেকে আমরা কোন তথ্যগুলো চাইব, আলোচনা শুরু করব, মোটামুটি সে বিষয়গুলোর একটা রূপরেখা প্রস্তুত করেছি। আপনাদের সঙ্গে কথা বলে চূড়ান্ত করা হবে।’