কিশোরগঞ্জের কটিয়াদীতে বিষধর সাপের কামড়ে আফজাল হোসেন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার জালালপুর ইউনিয়নের দক্ষিণ চরপুক্ষিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সন্ধ্যার সময় আফজাল হোসেন কাজীর বাজারে বসে ছিলেন। কিছুক্ষণ পর পাশের ঝোপের দিকে গেলে সেখানে সাপের কামড়ের শিকার হন। এ ঘটনায় কবিরাজের মাধ্যমে বাড়িতে ঝাড়ফুঁক চলতে থাকে। রাত ২টার দিকে বিষক্রিয়া বেড়ে গেলে তাকে বাজিতপুরের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ভোর সাড়ে ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জালালপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) ইব্রাহিম ফকির খোকন সাপের কামড়ে আফজাল হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।