সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর গত ৫ আগস্ট চট্টগ্রাম শহরে আনন্দ মিছিলে মো. আলম নামে এক যুবককে গুলি করে হত্যার অভিযোগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ ও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ ২২৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে।
এছাড়া মামলায় ২০০ থেকে ৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক আহমেদ।
গতকাল রবিবার (২২ সেপ্টেম্বর) ডবলমুরিং থানায় ভিকটিমের বড় ভাই জামাল উদ্দিন বাদী হয়ে এই মামলা দায়ের করেন। মামলায় উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, সাবেক সংসদ সদস্য এম এ লতিফ, মহিউদ্দিন বাচ্চু, আনিসুল ইসলাম মাহমুদ, আবু রেজা মো. নেজামুদ্দিন নদভী ও চট্টগ্রাম জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ সালাম।
মামলার এজাহারে বলা হয়, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর নগরের মনছুরাবাদ পুলিশ লাইনের সামনে আনন্দ মিছিল বের হয়। ওই মিছিলে অভিযুক্তদের নির্দেশে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা গুলি করলে মো. আলম গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।