জনসমর্থনে বড় লাফ কমলার

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস জনসমর্থনে রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পকে ছাড়িয়ে এগিয়ে যাচ্ছেন।

গত রবিবার এনবিসি নিউজের প্রকাশিত জরিপে দেখা গেছে, জনসমর্থনে কমলা ট্রাম্পের চেয়ে পাঁচ পয়েন্টে এগিয়ে আছেন। সেপ্টেম্বরের ১৩ থেকে ১৭ তারিখের মধ্যে জরিপটি পরিচালিত হয়েছে। কমলা হ্যারিস প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার পর জরিপে অংশগ্রহণকারীরা তার প্রতি বেশি সমর্থন দেখিয়েছেন। জরিপে অংশ নেওয়া এক হাজার নিবন্ধিত ভোটারের মধ্যে ৪৮ শতাংশ ডেমোক্র্যাট প্রার্থী হ্যারিসের বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন। গত জুলাইয়ে এটি ছিল ৩২ শতাংশ। অন্যদিকে জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৪০ শতাংশ ট্রাম্পের বিষয়ে ইতিবাচক ছিলেন, জুলাইয়ে যা ৩৮ শতাংশ ছিল।

এদিকে সিবিএস নিউজের পৃথক আরেকটি জরিপে ট্রাম্পের চেয়ে চার পয়েন্টে এগিয়ে আছেন কমলা হ্যারিস। সিবিএসের জরিপে কমলার প্রতি সমর্থন জানিয়েছেন ৫২ শতাংশ ভোটার। তার বিপরীতে ট্রাম্পের প্রতি সমর্থন রেখেছে ৪৮ শতাংশ ভোটার। তিন হাজারেরও বেশি নিবন্ধিত ভোটারের মধ্যে সেপ্টেম্বরের ১৮ থেকে ২০ তারিখের মধ্যে এই জরিপ চালায় সিবিএস।