সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িবহরে হামলার চার্জশিটভুক্ত আসামি সিয়াম হাসানকে (২৬) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) । সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে রাজধানীর মোহাম্মদপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে ডিএমপির মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
মুহাম্মদ তালেবুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টায় ডিএমপির ডিবি তেজগাঁও টিম ২০১৮ সালে সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা মামলায় সম্পূরক চার্জশিটভুক্ত আসামি মো. সিয়াম হাসানকে মোহাম্মদপুরের তাজমহল রোডের একটি বাসা থেকে গ্রেপ্তার করেছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যার ঘটনায় এজাহারনামীয় আসামি তালিকায় নাম আছে সিয়াম হাসানের। এছাড়াও তার নামে আরও বেশ কয়েকটি মামলা রয়েছে।