কুমিল্লায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ২

কুমিল্লার হোমনায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধারসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক বিক্রির দেড় লক্ষাধিক নগদ টাকাও জব্দ করা হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়। 

আটকৃতরা হলেন— উপজেলার মিরশ্বীকারি গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে মো. মোখলেছ বাবুর্চি (৪৫) ও কারারকান্দি দক্ষিণ পাড়ার রিয়াজুল হকের ছেলে মো. ইমরান হোসেন (২২)। 

এ বিষয়ে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম জানান, সোমবার বিকেলে গোপন সংবাদ পেয়ে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযানে উপজেলার মিশ্বকারী গ্রামের মো. উজ্জলের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানের উপস্থিতি টের পেয়ে উজ্জল পালিয়ে যায়। পরে তার শোয়ার কক্ষ থেকে তিনটি রামদা, একটি লম্বা ছেনি, দুটি চাইনিজ কুড়াল, দুটি লোহার দামা, একটি স্টিলের চাপাতি, একটি ছোরা, একটি টিপ ছোরা, একটি কাঠের লাঠি ও মাদক বিক্রির ১ লাখ ৬৭ হাজার ৫০০ দশ টাকা জব্দ করা হয়। পরে ওই গ্রাম থেকে মো. মোখলেছ বাবুর্চি ও কারারকান্দি দক্ষিণ পাড়ার থেকে মো. ইমরান হোসেন আকট করা হয়। আটকৃতদের কাছ থেকে ৬২টি ইয়াবা জব্দ করা হয়েছে। 

হোমনা থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আসামিদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।