চট্টগ্রাম কাস্টমসে সফটওয়্যার জটিলতায় ভোগান্তি বাড়ছে ব্যবহারকারীদের। গত দুই দিন ধরে আমদানি-রপ্তানি বাণিজ্যে আন্তর্জাতিক সফটওয়্যার অ্যাসাইকুডা ওয়ার্ল্ড আপগ্রেড করার পর থেকে ব্যবহারকারীরা নানা ধরনের ভোগান্তির শিকার হচ্ছেন। এরমধ্যে একটি জাহাজে কনটেইনারের সংখ্যা, কনটেইনারের ভেতরে পণ্যের সংখ্যা ও ওজনের যে তথ্য ইনপুট দেওয়া হয় বাস্তবে তা থাকছে না। এতে ভোগান্তি কিংবা জরিমানার আশঙ্কা করছেন ব্যবহারকারীরা।
সারা দেশের কাস্টমসে আমদানি পণ্যের তথ্য এই ওয়ার্ল্ডের মাধ্যমে অনলাইনে কাজ হয়ে থাকে। বিদেশ থেকে কোনো পণ্য আনা হলে সেই পণ্য কীসে আসছে, কী পরিমাণ আসছে, কোন জাহাজে আসছে, কোন কনটেইনারে আসছে, এর ট্যাক্স কত হবে, রাজস্ব বোর্ডের পাওনা পরিশোধ করা হয়েছে কি নাÑ সব ধরনের তথ্য থাকে এই ওয়ার্ল্ডে। তাই এটিতে এক জায়গায় তথ্যের অমিল হলে সব জায়গায় ভোগান্তির শিকার হন ব্যবহারকারীরা। শিপিং এজেন্ট, আমদানিকারক, বাফা, কাস্টমস ও বন্দর সবাই এর ব্যবহারকারী। কিন্তু গতকাল দিনভর এই সার্ভারে প্রবেশ করা যায়নি। ২০১৩ সালে সর্বপ্রথম এই সার্ভার চালু করা হয়।
ভোগান্তির বিষয়ে সিওয়েব মেরিন সার্ভিসেস লিমিটেডের মোহাম্মদ সামিদুল হক দেশ রূপান্তরকে বলেন, ‘অ্যাসাইকোডা ওয়ার্ল্ড সফটওয়্যারটি ঠিকমতো কাজ করছে না। এতে বন্দরে আসা জাহাজের ঘোষণা দেওয়া যাচ্ছে না। আর জাহাজের ঘোষণা দেওয়া না গেলে কনটেইনারভিত্তিক পণ্যের বিবরণ সাবমিট করা যাবে না। এতে সিঅ্যান্ডএফ এজেন্ট, বাংলাদেশ ফ্রেইট ফরোয়ার্ডার অ্যাসোসিয়েশনসহ কেউ কাজ করতে পারছে না। ফলে আমদানি-রপ্তানি কার্যক্রম প্রায় বন্ধ হয়ে আছে।’
কখন থেকে এই সমস্যা হচ্ছে জানতে চাইলে বাংলাদেশ ফ্রেইট ফরোয়ার্ডার অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট খায়রুল আলম সুজন বলেন, ‘গত শুক্রবার ও শনিবার অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সফটওয়্যারটি আপগ্রেড করা হয়। আর এর পর থেকেই তা ধীর হয়ে গেছে, কাজ করা যাচ্ছে না। গতকাল মঙ্গলবার দিনভর কাজই করা যায়নি।’
এই কাজ করতে না পারায় শিপিং কোম্পানিগুলো আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন জানিয়ে বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ আরিফ বলেন, ‘জাহাজ ও কনটেইনারের ঘোষণা দিতে না পারলে জাহাজগুলো বন্দরের বহির্নোঙরে ভাসবে। এতে শিপিং কোম্পানিগুলো আর্থিক ক্ষতির সম্মুখীন হবে। আমরা যে কোনো আপগ্রেডেশনের পক্ষে। কিন্তু আমাদের জন্য বিকল্প রাস্তাও উন্মুক্ত রাখতে হবে।’
কবে নাগাদ এই সমস্যা দূরীভূত হবে জানতে চাইলে চট্টগ্রাম কাস্টমসের মুখপাত্র ডেপুটি কমিশনার সাইদুল ইসলাম বলেন, ‘অ্যাসাইকুডা সফটওয়্যারটি আপগ্রেড করা হয়েছে। নতুন কিছু ফিচার যুক্ত করা হয়েছে। সাধারণত নতুন কিছু যুক্ত করা হলে স্বাভাবিকভাবেই একটু সমস্যা হয়। তবে মঙ্গলবার সন্ধ্যার পর ঠিক হয়ে যাওয়ার কথা।’