হবিগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত

হবিগঞ্জের বাহুবল উপজেলায় জমি নিয়ে দুই ভাইয়ের বিরোধের জেরে সংঘর্ষে ওয়াহিদ মিয়া (২৭) নামে এক ব্যক্তি নিহত ও অর্ধশত লোক আহত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। আহতদের বাহুবল, হবিগঞ্জ ও সিলেটের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, উপজেলার বাবনাকান্দি গ্রামের মৃত রফিক উল্লার ছেলে আরজু মিয়া ও তার ভাই আবদুল হাইয়ের মধ্যে বাড়ির জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে একাধিক সালিশ বিচার হলেও সফল হয়নি। উল্টো দুই ভাই বিরোধকে ঘিরে এলাকার লোকজন দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে।

গতকাল সকালে উভয় পক্ষ রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়। ঘণ্টাখানেক স্থায়ী সংঘর্ষে ওয়াহিদ মিয়া (২৭) নিহত ও অন্তত অর্ধশত লোক আহত হয়। আহতদের মধ্যে আবদুল হাইকে (৬০) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যদের বাহুবল ও হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

বাহুবল মডেল থানার ওসি মশিউর রহমান সংঘর্ষে যুবক নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। লাশ মর্গে পাঠানো হয়েছে।