হাতির আক্রমণে চট্টগ্রাম  ও গোপালগঞ্জে ৩ মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারায় একই রাতে আলাদা ঘটনায় হাতির আক্রমণে নারীসহ দুজন নিহত হয়েছেন। গত সোমবার রাতে উপজেলার বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক আশ্রয়ণ প্রকল্প ও পূর্ব বৈরাগ খোশাল তালুকদার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন গুয়াপঞ্চক গ্রামের মৃত মুজিবুল হকের ছেলে কাশেম ওরফে দুলাল (৬০) ও পূর্ব বৈরাগ গ্রামের মো. আকতারের স্ত্রী রেহেনা আক্তার (৩৮)।

স্থানীয় সূত্র জানায়, সোমবার রাত সাড়ে ৮টার দিকে গুয়াপঞ্চক আশ্রয়ণ প্রকল্প এলাকায় দেয়াঙ পাহাড় থেকে নেমে আসা হাতির সামনে পড়ে দুলাল। এ সময় হাতি শুঁড় দিয়ে তুলে আছাড় মারলে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ১০টার দিকে দুলাল মারা যান।

অন্যদিকে রাত ১টায় ওই ইউনিয়নের পূর্ব বৈরাগ খোশাল তালুকদার বাড়ি এলাকায় হাতির সামনে পড়ে আক্রমণের শিকার হন রেহেনা আক্তার নামের এক নারী। হাতি শুঁড়ে পেঁচিয়ে আছাড় মারলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আনোয়ারার ইউএনও ইশতিয়াক ইমন বলেন, হাতির আক্রমণে বৈরাগ ইউনিয়নে দুজন মারা গেছেন। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাদের পরিবারকে সহযোগিতা করা হবে।

এদিকে গোপালগঞ্জের কোটালীপাড়ায় হাতির পায়ের নিচে পিষ্ট হয়ে মাহুত নজরুল ইসলাম (৩৫) নিহত হয়েছেন। তার বাড়ি কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা গ্রামে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় উপজেলার হিরন ইউনিয়নের পোলসাইর এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, মাহুত নজরুল ইসলামের কোনো ভুল সংকেত পেয়ে তাকে পিঠ থেকে ফেলে দিয়ে পায়ের নিচে পিষ্ট করে হাতিটি। ফলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

গোপালগঞ্জ বন বিভাগের জেলা বন কর্মকর্তা বিবেকানন্দ মল্লিক বলেন, পশু চিকিৎসকসহ একটি প্রশিক্ষিত টিম হাতিটিকে নিয়ন্ত্রণে নেওয়ার জন্য ইতিমধ্যে গাজীপুর থেকে রওনা হয়েছে।

কোটালীপাড়া থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, নিহতের ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে তুলে দেওয়া হবে।