ফারুক হাসান বললেন

নিরপরাধ ব্যবসায়ীর মামলা প্রত্যাহার করা উচিত

ব্যবসায়ীরা যদি কোনো অপরাধের সঙ্গে সম্পৃক্ত না থাকেন তবে তাদের বিরুদ্ধে হওয়া মামলাগুলো প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন তৈরি পোশাক উৎপাদনকারী ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক সভাপতি ফারুক হাসান। গতকাল মঙ্গলবার দেশ রূপান্তরকে বলেন, রাজনৈতিকভাবে, অপ্রয়োজনীয়ভাবে শত্রুতা করে কেউ যাতে মামলা না করে সে বিষয়েও সতর্ক থাকা উচিত। এছাড়া যাদের বিরুদ্ধে মামলা হয়েছে দ্রুত তদন্ত সাপেক্ষে সেগুলো প্রত্যাহারেরও দাবি জানিয়েছেন তিনি। 

দেশ রূপান্তরকে ফারুক হাসান বলেন, কারও নামে যদি ব্যাংকে ঝামেলার মামলা থাকে বা রাজনৈতিক মামলা থাকে সেগুলো এক কথা। কিন্তু যারা কোনো অপরাধে সম্পৃক্ত না তাদের বিরুদ্ধে মামলার আগে চেক করা উচিত।

ফারুক হাসান মনে করেন, এখানে এখন ল’ অ্যান্ড অর্ডার খুব বেশি জরুরি। এটা এখন বেশি চর্চা দরকার যে- কীভাবে আমরা দেশের আইনশৃঙ্খলা দ্রুত স্বাভাবিক করতে পারি। আইনশৃঙ্খলা ঠিক না থাকলে দেখা যায় আজ রাস্তা বন্ধ, কাল অমুক জায়গায় আন্দোলনে নেমে গেল। আবার দেখা যায়, এক কারখানায় কোনো সমস্যার কারণে দাবি দিল, তারা বের হয়ে আরেক কারখানা বন্ধ করে দিল। এখন সবগুলো বিষয়ে ব্যালেন্স করতে হবে।

সরকারের উদ্দেশ্যে ফারুক হাসান বলেন, সরকারকে এখন নিয়মে আসতে হবে, কোনো ব্যবসায়ী যদি সমস্যায় পড়ে থাকেন তাকেও আইনের আওতায় আনতে হবে এবং যারা এসব ভাঙচুর করছে তাদেরও আইনের আওতায় আনতে হবে।

নিরপরাধ ব্যবসায়ীদের বিরুদ্ধে ঢালাও মামলা প্রসঙ্গে ফারুক হাসান বলেন, যারা কোনো সমস্যা বা ক্রাইমের মধ্যে ছিল তাদের বিরুদ্ধে আইনের নিয়ম অনুযায়ী মামলা হচ্ছে। কিন্তু যারা এগুলোর মধ্যে জড়িত না তাদের বিরুদ্ধে মামলা থাকলে খুব দ্রুত তা প্রত্যাহার করতে হবে। এটা চেক করে উইথড্র করতে হবে। কেউ যাতে অপ্রয়োজনীয় কোনো ভোগান্তিতে না পড়েন।