ভোলার দৌলতখানে আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাতকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাত তিনটায় দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের খায়েরহাট বাজারের ব্যাপারী বাড়িতে অভিযান চালিয়ে মো. আনোয়ার হোসেন, মো. সোহেল এবং মো. হাসানকে আটক করা হয়। এসময় ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২টি কার্তুজ, ১৫টি দেশীয় অস্ত্র এবং ১টি অবৈধ মোটরসাইকেল জব্দ করা হয়।
কোস্টগার্ড দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার (অপারেশন অফিসার) সালাউদ্দিন রশীদ তানভীর বলেন, বেশ কিছুদিন ধরে ভোলা জেলার সদর উপজেলাধীন তুলাতলি ও ইলিশা এলাকার মেঘনা নদীতে এবং তৎসংলগ্ন চরে মো. আনোয়ার এর নেতৃত্বে একটি কুখ্যাত ডাকাত দল স্থানীয় জনসাধারণ এবং জেলেদের জিম্মি করে চাঁদাবাজি, জমি দখল ও বিভিন্ন অপকর্ম পরিচালনা করে আসছিলো।
তিনি আরও বলেন, ভুক্তভোগী স্থানীয় জনসাধারণ কোস্ট গার্ডের নিকট সাহায্য চাইলে কোস্ট গার্ড এসব এলাকায় তৎপরতা বাড়ায়। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন একটি অভিযান পরিচালনা করে। অভিযানে ভোলা জেলার দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের খায়েরহাট বাজার সংলগ্ন ব্যাপারী বাড়িতে তল্লাশী করে তিনজনকে আটক করা হয়।
আটকৃত ডাকাতও জব্দকৃত সকল আলামত দৌলতখান থানায় হস্তান্তর করা হয়েছে।