সুষ্ঠু নির্বাচন করতে বেশি সময় লাগার কথা নয়: রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘অবাধ সুষ্ঠু নির্বাচন করতে বেশি সময় লাগার কথা না। তাই দ্রুত সময়ের মধ্যে নির্বাচন কমিশনের সংস্কার শেষ করে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করতে হবে।’ গতকাল বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির বিগত দিনের আন্দোলনে গুম, খুন হওয়া ব্যক্তিদের মধ্যে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘আমাদের রাষ্ট্রীয় সংবিধানকে আওয়ামী লীগ কেটে টুকরো টুকরো করে তারা নিজেদের মতো করে একটা মুড়ির ঠোঙা বানিয়ে ছিল। মানে ওই ঠোঙা থেকে তারা যখন মনে করবে মুড়ি নিয়ে খাবে আবার রেখে দেবে। এখন অন্তর্বর্তী সরকারকে রাষ্ট্রীয় সংবিধানের আসল সারমর্ম জনগণের নাগরিক অধিকার, অবাধ সুষ্ঠু নির্বাচন করার জন্য নির্বাচন কমিশনকে যতটুকু ক্ষমতা দেওয়া দরকার এবং নির্বাচন কমিশনে যতটুকু স্বাধীনতা নিশ্চিত হওয়া দরকার সেসব প্রয়োজনীয় সংস্কারের সুপারিশ করতে হবে।’

ভারতে ইলিশ রপ্তানির বিষয়ে তিনি বলেন, ‘ভারতে ইলিশ মাছ পাঠানোর ব্যাপারে আমাদের একজন উপদেষ্টা, গুণী মানুষ ও অর্থনীতিবিদ একটি কথা বলেছেন, আমরা ইলিশ রপ্তানি করি। এখানে আবেগ দিয়ে কথা বললে তো হবে না। আমি এ ব্যাপারে বলতে পারি বাঙালি জনগোষ্ঠী ভারতেও আছে, তাদের প্রধান ধর্মীয় উৎসব হচ্ছে দুর্গাপূজা। দুর্গাপূজার সময় ইলিশ একটা বড় উপাদান হিসেবে কাজ করে আমরা জানি। আমরা কোনোদিনই ইলিশ রপ্তানির ব্যাপারে বাধা দিইনি।’ তিনি বলেন, ‘আমাদের অর্থ উপদেষ্টা আবেগের প্রশ্নের কথা বলেছেন, আবেগের প্রশ্ন তখনই আসছে, একই সময়ে যখন আমরা দেখছি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন সীমান্তে বাংলাদেশি কাউকে যদি দেখো তার পা ওপরের দিকে ঝুলিয়ে রেখে শাস্তি দেবে। তখন তো আমাদের মধ্যে আবেগ তৈরি হবেই।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, গবেষণাবিষয়ক সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শামিম, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দীন আলমসহ সংগঠনের নেতারা।