অ্যাকশনে ভরপুর ‘জিগরা’র ট্রেলার, মারকাটারি আলিয়া  

এক ঝলকেই আলিয়া বুঝিয়ে দিলেন, এবার পর্দায় তিনি রীতিমতো চ্যালেঞ্জ ছুড়তে আসছেন অন্যান্য নায়িকাদের। বুঝিয়ে দিলেন, শুধু মিষ্টি নায়িকা হয়ে থাকা, তার মোটেই অভ্যাস নয়। তাই তো নিজের ইমেজকে ভেঙে একেবারে অ্যাকশন লুকে হাজির হলেন। তারই প্রমাণ ‘জিগরা’র ট্রেলার। ভাইকে বাঁচাতে এক বোনের লড়াই। আর সেই ডাকাবুকো দিদিই হলেন আলিয়া।

করণ জোহরের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ এখন বলিউডের ‘ক্যুইন’। দ্বিতীয় ছবি ‘হাইওয়ে’ থেকেই নিজের জাত চিনিয়েছেন আলিয়া ভাট। এক দশকের ক্যারিয়ারে একের পর এক ভিন্ন স্বাদের সিনেমায় অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছেন। এবার করণ জোহর প্রযোজিত ‘জিগরা’ সিনেমায় আবারও মারকাটারি লুকে ধরা দিতে চলেছেন আলিয়া ভাট।

ট্রেলার, টিজারেই সেই ইঙ্গিত মিলল। ভাইয়ের রক্ষার্থে এক বোন কতদূর যেতে পারে? সেই দুঃসাহসিক গল্পের পর্দায় তুলে ধরবে ‘জিগরা’। এক অনাথ ভাইবোনের মান-অভিমান, আগলে রাখার আবেগঘন মুহূর্ত সবটাই ফুটে উঠল টিজার-ট্রেলারে।

জানা গেছে, এই ছবির একটি বড় অংশ জুড়ে রয়েছে বাস্কেটবল খেলার অংশ এবং মারকাটারি অ্যাকশন সিকোয়েন্স। যেখানে দুর্ধর্ষ লুকে দেখা যাবে আলিয়াকে। সেই প্রেক্ষিতেই চরিত্রটিকে নিঁখুতভাবে ফুটিয়ে তুলতে নামী বাস্কেটবল খেলোয়ারদের থেকে প্রশিক্ষণ নেওয়ার পাশাপাশি অ্যাকশনের মারপ্যাঁচও শিখেছেন অভিনেত্রী। হোমওয়ার্কে কোনওরকম কসরত বাকি রাখেননি আলিয়া।

আগামী ১১ অক্টোবর মুক্তি পাবে এই সিনেমা। এতে আলিয়া ভাটের ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন ‘আর্চিস’ খ্যাত বেদাং রায়না।