বিএনপি নেতা সালাহউদ্দিনের দুই মামলা স্থগিত  

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের বিরুদ্ধে চলমান দুটি ফৌজদারী  মামলার কার্যক্রম স্থগিত করেছেন কক্সবাজারের একটি আদালত। 

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আখতার জাবেদের আদালত এই স্থগিতাদেশ প্রদান করেন বলে জানান মামলার আসামি পক্ষের আইনজীবী ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক তৌহিদুল আনোয়ার।

এর আগে দুপুর ২টার দিকে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে আদালত প্রাঙ্গণে উপস্থিত হন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ। এরপরই তার আইনজীবীদের সঙ্গে আদালতে উপস্থিত হন তিনি।  

এ সময় সালাহউদ্দিন আহমদের নিযুক্ত আইনজীবীরা আদালতকে তাদের মোয়াক্কেলকে সশরীরে হাজিরা দেওয়া থেকে অব্যাহতি দেওয়ার আবেদন জানান।  

পাশাপাশি তাদের মোয়াক্কেলকে দেশের একজন সম্মানিত নাগরিক উল্লেখ করে তৌহিদুল বলেন, ঘটনা ২০০১ সালে সংঘটিত হলেও চকরিয়া থানায় মামলা দায়ের করা হয় ২০০৭ সালে রাজনৈতিকভাবে হয়রানি করতেই সালাহউদ্দিন আহমদের নামে মামলা দুটি দায়ের করা হয়েছিল। এ কারণে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন জানান। শুনানি শেষে আদালত দুইটি মামলা বিচারিক কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দিয়েছেন।

আদালত থেকে বের হয়ে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ বাইরে অপেক্ষমান সাংবাদিকদের বলেন, ‘মহামান্য আদালত দীর্ঘ শুনানীতে আমার বিরুদ্ধে দায়েরকৃত মামলা থেকে আমাকে অব্যাহতি দিয়েছেন। আজ ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে।’

উল্লেখ্য, ২০০১ সালে প্রতিমন্ত্রী থাকাকালে মৎস্য ঘের লুটের অভিযোগ এনে চকরিয়া-পেকুয়া আসনের তৎকালীন সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদকে প্রধান আসামি করে পৃথক চকরিয়া থানায় দুইটি মামলা দায়ের করেন জনৈক মাহামুদুল হক।