চট্টগ্রামের রাঙ্গুনিয়ার রোয়াজারহাটে অস্ত্র ও গোলাবারুদ থাকার সত্যতা যাচাইয়ের জন্য যাওয়া দুই সেনাসদস্যকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। পরে রাঙ্গুনিয়ায় কর্মরত সেনা ক্যাম্পের সদস্যরা তাঁদের উদ্ধার করেন। গতকাল বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাঙ্গুনিয়া পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক গাজী মো. জসিমসহ (৪৫) যুবদলের ১০ নেতাকর্মীকে আসামি করে মামলা করেছে পুলিশ। এর আগে ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো.পারভেজ (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙ্গুনিয়া থানার উপপরিদর্শক (এসআই) উত্তম কুমার বলেন, ‘সেনাবাহিনীর গোয়েন্দা দলের দুই সদস্য রোয়াজারহাট বাজারে মেসার্স গাজী জসিম এন্টারপ্রাইজ নামের দোকানের ভেতরে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ থাকার সংবাদ পেয়ে সত্যতা যাচাই ও তথ্য সংগ্রহের জন্য গতকাল বিকেলে ওই প্রতিষ্ঠানে যান। এ সময় গ্রেপ্তার আসামিসহ অন্যরা তাদের কর্তব্যকাজে বাধা দেয়। একপর্যায়ে সেনাসদস্যদের অবরুদ্ধ করে রাখে। পরে রাঙ্গুনিয়ার অস্থায়ী সেনা ক্যাম্পের সেনাসদস্যরা খবর পেয়ে তাদের উদ্ধার করেন।’