কুমিল্লার সাবেক সংসদ সদস্য (এমপি) আ ক ম বাহাউদ্দীন এবং তার মেয়ে ও কুমিল্লার সাবেক মেয়র তাহসিনা বাহারের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। একই সঙ্গে বাহাউদ্দীনের স্ত্রী, তিন সন্তানসহ পরিবারের ছয় সদস্যের ব্যাংক হিসাব স্থগিত রাখতে বলা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ-সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিএফআইইউয়ের সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, হিসাব জব্দ করা ব্যক্তি ও তাদের ব্যক্তি মালিকানা ব্যবসায়িক অ্যাকাউন্টের সব লেনদেন বন্ধ থাকবে। আগামী ৩০ দিন এসব হিসাবে কোনো ধরনের লেনদেন করতে পারবে না। প্রয়োজনে লেনদেন স্থগিত করার এ সময় বাড়ানো হবে।
চিঠিতে আ ক ম বাহাউদ্দীন, তার স্ত্রী মেহেরুন্নেছা, মেয়ে আয়মান বাহার ও আজিজা বাহার, তাহসিন বাহার এবং তার স্বামী সাইফুল আলম রনির নাম, জাতীয় পরিচয়পত্রের তথ্য দেওয়া হয়েছে।