পুঁজিবাজারে খাদ্য ও আনুষঙ্গিক খাতে তালিকাভুক্ত কোম্পানি রহিমা ফুড করপোরেশন লিমিটেডের পরিশোধিত মূলধন এবং বরাদ্দ করা শেয়ারসংখ্যা যাচাইয়ের লক্ষ্যে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে তদন্ত কার্যক্রম সম্পন্ন করে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার এসইসির পরিচালক মো. মাহমুদুল হক স্বাক্ষরিত এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
আদেশে উল্লেখ করা হয়েছে, পুঁজিবাজারে বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষার লক্ষ্যে রহিমা ফুড করপোরেশন লিমিটেডে পরিশোধিত মূলধন এবং বরাদ্দকৃত শেয়ারসংখ্যা থেকে ডিমেটেড ও অনিষ্পত্তিকৃত শেয়ারের হিসাব এবং সিডিবিএল ও আরজেএসিতে দাখিল করা প্রতিবেদনের সঙ্গে প্রকৃত শেয়ারসংখ্যা যথাযথভাবে যাচাই-বাছাইয়ের নিমিত্তে একটি তদন্ত কমিটি গঠন করা হলো। তদন্ত কমিটি এই আদেশ জারির তারিখ থেকে ১৫ দিবসের মধ্যে তদন্ত সম্পন্ন করে কমিশনে প্রতিবেদন দাখিল করবে।