ডিএমপি কমিশনার বললেন

জনগণের প্রত্যাশা পূরণে নতুন উদ্যমে কাজ করবে পুলিশ

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. মাইনুল হাসান বলেছেন, পুলিশ বাহিনীর কাছে মানুষের প্রত্যাশা অনেক। এ প্রত্যাশা পূরণে আমরা নতুন উদ্যমে কাজ শুরু করছি। আইন ও বিধির মধ্য থেকে এমনভাবে কাজ করতে হবে, যেন জনগণের প্রত্যাশা পূরণ হয়।

গতকাল বৃহস্পতিবার সকালে রাজারবাগ পুলিশ লাইনসে শহীদ এসআই শিরুমিয়া মিলনায়তনে ডিএমপির ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগ আয়োজিত বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত কামনা ও তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। একই সঙ্গে স্মরণ করেন আইনশৃঙ্খলা রক্ষায় প্রাণ উৎসর্গকারী ও আহত পুলিশ সদস্যদের।

কল্যাণ সভায় ডিএমপির বিভিন্ন পদমর্যাদার সদস্য তাদের সুনির্দিষ্ট কিছু সমস্যা ও চাহিদার কথা ডিএমপি কমিশনারের কাছে পেশ করেন। কমিশনার সবার বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং প্রতিটি সমস্যা সমাধানের ব্যাপারে সবাইকে আশ্বস্ত করেন। রাজারবাগ পুলিশ লাইনসকে সুন্দর ও পরিষ্কার-পরিচ্ছন্ন করার পাশাপাশি ফোর্সের কল্যাণে যা করা প্রয়োজন, তাই করা হবে বলে জানান।

ডিমপিতে নতুন যোগদান করা ফোর্সদের স্বাগত জানিয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ বলেন, দেশ ও জাতির স্বার্থে পুলিশ সদস্যদের সব ত্যাগ মেনে নিতে হবে। সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন এবং জনগণকে সেবা দেওয়ার মনোভাব নিয়ে কাজ করতে হবে। সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. ইসরাইল হাওলাদার বলেন, কেউ আমাদের শত্রু নয়, সব জনগণ আমাদের বন্ধু। আমাদের কাজ হচ্ছে দেশের আইনশৃঙ্খলা রক্ষা করা। এর জন্য ডিএমপির সব ফোর্সকে রাতদিন কাজ করতে হবে। পুলিশের কাজই হচ্ছে মানুষের সেবা দেওয়া।

সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) খন্দকার নজমুল হাসান, ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগের উপকমিশনার রওনক আলম, অতিরিক্ত কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান শওকত আলী। এ ছাড়া যুগ্ম কমিশনার, সংশ্লিষ্ট উপকমিশনার ও ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন।