হারলেই গম্ভীরের আসল চেহারা বেরিয়ে আসবে: তামিম

নতুন প্রধান কোচ গৌতম গম্ভীরের অধীনে সাফল্যের ধারায় আছে ভারত। গত জুলাইয়ে শ্রীলঙ্কাকে তাদেরই মাটিতে টি–টোয়েন্টি সিরিজে ধবলধোলাই করার মধ্য দিয়ে গম্ভীরের কোচিং–যাত্রা শুরু হয়। এরপর অবশ্য টি-টোয়েন্টি সিরিজে হারতে হয়েছিল। বাংলাদেশের বিপক্ষে আবার চেন্নাই টেস্ট দাপটে জিতেছে ভারত। সব মিলিয়ে গম্ভীরের শুরুটা বেশ ভালোই হয়েছে। কিন্তু এই সাফল্যই কি সবকিছু?

বিরাট কোহলির সঙ্গে লম্বা সময় ধরে ঝামেলা থাকলেও ভারতের কোচ হওয়ার আগেই মিটিয়ে ফেলেছেন গম্ভীর। অধিনায়ক রোহিত শর্মার সঙ্গেও তার বোঝাপড়া ভালো। অতীতে সবসময় ‘গম্ভীর’ থাকা গম্ভীরকেও এখন হাসিখুশি দেখা যায়। কিন্তু বাংলাদেশের তারকা ক্রিকেটার তামিম ইকবাল মনে করেন, ভারত এখন ভালো খেলছে বলেই গম্ভীরকে ঠান্ডা মেজাজের মানুষ মনে হচ্ছে। খারাপ খেললেই তার আসল চেহারা দেখা যাবে!

চলতি ভারত সিরিজে ধারাভাষ্য দিচ্ছেন তামিম। বৃষ্টির কারণে আজ কানপুর টেস্টের টস শুরু হতে যখন দেরি হচ্ছিল, তখন সিরিজের অফিশিয়াল সম্প্রচারকারী চ্যানেল স্পোর্টস–১৮ ও স্ট্রিমিং প্ল্যাটফর্ম জিও সিনেমায় ও তামিম ও ভারতের সাবেক উইকেটকিপার–ব্যাটসম্যান পার্থিব প্যাটেলের আলোচনায় উঠে আসে গম্ভীরের হাসিখুশি থাকার এই প্রসঙ্গ।

তামিম বলেন, ‘যখন আপনি জিততেই থাকবেন, তখন একজন মানুষের আসল চরিত্র সম্পর্কে জানতে পারবেন না। যখন আপনি একটি সিরিজ হারবেন এবং এরপর আরেকটি, তখনই আসল চেহারা বেরিয়ে আসে। কোনো সন্দেহ নেই তিনি (গৌতম গম্ভীর) একজন যোগ্য ব্যক্তি। কিন্তু তাকে এখনই কিছু বলাটা বেশ তাড়াহুড়া হয়ে যায়। ভারত একটা ম্যাচ খারাপ খেলুক, তখনই বুঝতে পারবেন।’

পার্থিব প্যাটেল মনে করেন, ভারতের সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন গম্ভীর। তার কথায়, ‘রাহুল দ্রাবিড় ও রবি শাস্ত্রীর অধীন ভারত যে সাফল্য পেয়েছে, আপনি সেটাই বয়ে নিয়ে যাচ্ছেন। কোনো কিছু বদলে না ফেলার সুযোগ আপনার আছে। তবে একইসঙ্গে এটাও গুরুত্বপূর্ণ যে, কাজটা নিজস্ব উপায়ে করতে হবে। ড্রেসিংরুম থেকে যেসব খবর পাচ্ছি, তারা স্বচ্ছন্দ্যেই আছে এবং সবার মধ্যে টেস্ট জয়ের সংকল্প আছে।’