কানপুর টেস্টের আগের দিন গতকাল বৃহস্পতিবার টেস্ট থেকে অবসরের দিনক্ষণ জানিয়েছেন সাকিব আল হাসান। দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়ে তিনি অবসর নিতে চেয়েছিলেন। কিন্তু বিসিবি তার নিরাপত্তা দিতে অপরাগতা প্রকাশ করেছে। সাকিবকে ঘিরে গত ২৪ ঘণ্টায় যা যা হয়েছে- সেসব আন্তর্জাতিক গণমাধ্যমেরও নজর কেড়েছে।
ভারতের শীর্ষ পত্রিকা ‘টাইমস অব ইন্ডিয়া’ সাকিবের টি-টোয়েন্টি থেকে অবসরের বিষয়টিকে শিরোনাম করেছে এভাবে- ‘দেশের মাটিতে বিদায়ী টেস্ট খেলতে নিরাপত্তা চেয়েছেন সাকিব আল হাসান।’ খবরটিতে লেখা হয়েছে, সাকিবের বিরুদ্ধে দেশে খুনের মামলা আছে। তিনি আওয়ামী লীগের পতিত সরকারের একজন সাংসদ ছিলেন। এসব কারণেই তার দেশে প্রবেশ করার ক্ষেত্রে জটিলতার তৈরি হয়েছে।
ওপার বাংলার শীর্ষ গণমাধ্যম ‘আনন্দবাজার’ তাদের অনলাইনে সাকিবকে নিয়ে একাধিক সংবাদ প্রকাশ করেছে। তার একটি ‘দেশের হয়ে আর টি২০ খেলবেন না শাকিব, কানপুরে কি শেষ টেস্টও খেলবেন বাংলাদেশের তারকা?’ এরপর বিসিবি সভাপতি ফারুক হোসেনের বক্তব্য নিয়ে আরেকটি সংবাদ প্রকাশ করেছে এমন শিরোনামে- ‘শেষ টেস্ট মিরপুরে খেলতে চান শাকিব, নিরাপত্তার দায়িত্ব নেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড।’
উইজডেন ক্রিকেট সাময়িকী শিরোনাম করেছে, ‘সাকিব আল হাসান নিরাপত্তার উদ্বেগের মাঝেই টেস্ট থেকে অবসরের দিনক্ষণ জানিয়েছেন, টি-টোয়েন্টি থেকে অবসর নিশ্চিত করেছেন’। পাকিস্তানের শীর্ষ পত্রিকা ‘ডন’ লিখেছে, ‘আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব’। দেশটির আরেকটি গণমাধ্যম ‘জিও নিউজ’ লিখেছে, ‘অবসরের ঘোষণা দিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব।’
আগামী অক্টোবরের দক্ষিণ আফ্রিকা সিরিজ না খেলতে পারলে কানপুর টেস্টই হতে পারে সাকিবের শেষ টেস্ট- এ বিষয়ে শিরোনাম করেছে ভারতের আরেকটি শীর্ষ ইংরেজি দৈনিক ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’। এছাড়া ‘দ্য ইকোনমিকস’ শিরোনাম করেছে- ‘অবসরের ঘোষণা দিয়ে বোমা ফাটিয়েছেন সাকিব’। কানপুরের স্থানীয় পত্রিকা ‘দৈনিক জাগরণ’ লিখেছে, ‘বাংলাদেশের সবচেয়ে বড় খেলোয়াড় সাকিবের ঘরে ফিরতে ভয়’।
সাকিবকে ব্যক্তিগতভাবে নিরাপত্তা দেওয়ার সামর্থ্য নেই: বিসিবি সভাপতি
টি-টোয়েন্টিতে সাকিবের যেসব কীর্তি বিশ্বে আর কারও নেই
খুনের মামলা, পুঁজিবাজারে কারসাজি নিয়ে মুখ খুললেন সাকিব
‘আমার কোনো অনুশোচনা নেই, জীবনে কখনও অনুশোচনা ছিল না’